× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিঁড়ি থেকে ছাদ পর্যন্ত পড়ে ছিল একই পরিবারের চারজনের মরদেহ

রংপুর অফিস

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ ০৮:৩৫ এএম

আপডেট : ২৩ আগস্ট ২০২৬ ০৯:৪১ এএম

রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের সদস্যরা। ফাইল ছবি

রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের সদস্যরা। ফাইল ছবি

রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের ৪ সদস্যের মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

নগরীর মাছুয়াপাড়ায় তার নিজ বাড়ি থেকে শনিবার রাতে মরদেহগুলো উদ্ধার করা হয়।

দোতলা বাড়িতে মরদেহগুলো সিঁড়ি থেকে শুরু করে ছাদ পর্যন্ত বিভিন্ন জায়গায় ছিল। সবার গলায় রশি, গামছা কিংবা গেঞ্জি প্যাঁচানো ছিল এবং প্রতিটি মরদেহে পচন ধরেছিল।

একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে আতংঙ্ক বিরাজ করছে। সেই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে চরম উদ্বেগ তৈরি হয়েছে।

ঘটনা তদন্তে ক্রাইম সিন হিসেবে বাড়িতে প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে সিআইডি, পিবিআইসহ মেট্রোপলিটন পুলিশ যৌথভাবে কাজ করছে।

নিহতরা হলেন, রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীর (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে আগামী চক্রবর্তী (২৫) এবং ছেলে প্রিয়ম চক্রবর্তী (১২)।

এলাকাবাসী ও স্বজনরা জানায়, গণপতি চক্রবর্তী গত ৪ বছর আগে রংপুর নগরীর মাছুয়াপাড়ায় দোতলা বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তিনি বাড়িতে বসবাস করতেন। হোমিওপ্যাথির ডিগ্রী থাকায় রংপুর জিলা স্কুল থেকে অবসরের পর তিনি রোগীদের হোমিওপ্যাথি চিকিৎসা দিতেন। তবে এলাকাবাসীর সাথে যোগাযোগ ছিল খুবই কম।

গত বৃহস্পতিবার থেকে তালাবদ্ধ বাড়িতে কোনও সাড়া শব্দ পায়নি এলাকাবাসী। সেই সাথে বাড়ির বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন ছিল। ৩ দিন ধরে মোবাইল ফোনে যোগাযোগ করতে না পেরে শিক্ষক গণপতির শ্যালিকা শনিবার সন্ধ্যায় তার বাড়িতে আসেন। অনেক ডাকাডাকি করে কেউ সাড়া না দিলে বিষয়টি এলাকাবাসীকে জানান তিনি।

সিঁড়ি থেকে ছাদ পর্যন্ত পড়ে ছিল মরদেহ

ঘটনাস্থলে পুলিশ আসে শনিবার রাত সাড়ে ১০টার দিকে। বাড়িতে ঢুকে পুলিশ প্রথম তলার দ্বিতীয় সিঁড়িতে স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ও মেয়ে আগামী চক্রবর্তীর মরদেহ পায়, দ্বিতীয় তলায় খাটের নিচে পায় প্রিয়ম চক্রবর্তীর মরদেহ। আর চিলেকোঠায় গণপতি চক্রবর্তীর মরদেহ পাওয়া যায়। প্রতিটি মরদেহ পঁচন ধরা অবস্থায় ছিল। এ সময় বাড়ির আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকাসহ আলমারীর ড্রয়ার ভাঙা ছিল।

অবসরের টাকা তুলেছিলেন গণপতি

প্রতিবেশী মোকছেদুল ইসলাম, অঞ্জনা রানীসহ অন্যরা জানান, গণপতি চক্রবর্তী এলাকার লোকজনের সাথে তেমন মিশতেন না। তবে এলাকার কারো সাথে তার কোনও ঝগড়া বিবাদ ছিল না। তিনি স্কুল থেকে অবসরের পর বাসায় থাকতেন। শিক্ষক গণপতি অবসরের কারণে মোটা অংকের টাকা বৃহস্পতিবার তুলেছিলেন বলে তার এক সহকর্মী জানিয়েছেন। এলাকাবাসী হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তদন্তে পুলিশ, পিবিআই, সিআইডি 

ঘটনা তদন্তে মাঠে নেমেছে মেট্রোপলিটন পুলিশ, পিবিআই ও সিআইডি। সিআইডির ক্রাইম সিন টিম পুরো ভবনটি ক্রাইম সিনের ফিতা দিয়ে ঘিরে রেখেছে। সেই সাথে ভবনের আনাচে-কানাচে চারদিকে আলমত সংগ্রহ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বাড়ির বাইরে এলাকাবাসীর সাথে কথা বলতে দেখা গেছে পিবিআইয়ের সদস্যদের। মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পিবিআই, সিআইডির সাথে সমন্বয় করে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

পুলিশের প্রাথমিক ধারণা, গত ৩ থেকে ৪ দিন আগে বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে ওই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির পর পুরো পরিবারকে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

ঘটনা তদন্তে থাকা সিআইডি রংপুরের ইনচার্জ সুমিত চৌধুরী সাংবাদিকদের বলেন, “কোতয়ালী থানা পুলিশের ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। বাড়ির ভেতরে ৩ থেকে ৪ দিন আগে মারা যাওয়া ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রতিটি মরদেহ পঁচন ধরা অবস্থায় ছিল। সেই সাথে বাড়ির বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন ছিল।”

তিনি বলেন, “পারিপার্শ্বিক অবস্থা ও প্রাথমিক তদন্তে বোঝা যাচ্ছে এটি ডাকাতির ঘটনা। তবে অধিকর তদন্ত শেষে চুড়ান্ত কারণ বলা যাবে। এছাড়া বাড়ির যেসব আসবাবপত্রে টাকা-পয়সা রাখা হয় সেইসব আসবাবপত্র তারা ভেঙে ফেলেছে। প্রতিটি মরদেহের গলায় রশি, গামছা কিংবা গেঞ্জি পেঁচানো ছিল। আমরা হত্যাকাণ্ডের আলামত সংগ্রহ করছি। বিস্তারিত তদন্ত শেষে বলা যাবে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা