বিদ্যুৎ চলে যাওয়ায় সবচেয়ে বেশি প্রভাব পড়ে রেডিওলজি ও ইমেজিং বিভাগে। ছবি: ফেসবুক থেকে
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে শনিবার সকালে প্রায় আড়াই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন রোগী ও স্বজনরা।
বিদ্যুৎ না থাকায় হাসপাতালের বিভিন্ন বিদ্যুৎনির্ভর যন্ত্রপাতি বন্ধ হয়ে যায়। ব্যাহত হয় টিকিট কাউন্টারের কার্যক্রম এবং সময়মতো করা যায়নি বেশ কিছু জরুরি পরীক্ষা।
শনিবার সকাল পৌনে ৯টা থেকে বেলা সোয়া ১১টা পর্যন্ত হাসপাতালে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিদ্যুৎ বিভাগে যোগাযোগ করলে সরবরাহ স্বাভাবিক হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বিদ্যুৎ চলে যাওয়ায় সবচেয়ে বেশি প্রভাব পড়ে রেডিওলজি ও ইমেজিং বিভাগে। এ বিভাগে থাকা ছয়টি এক্স-রে মেশিন বন্ধ থাকায় রোগীদের পরীক্ষা করা সম্ভব হয়নি। পাশাপাশি শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থা চালু না থাকায় আলট্রাসনোগ্রাফি মেশিনও ব্যবহার করা যায়নি। ফলে রোগীদের দীর্ঘ সারিতে অপেক্ষা করতে হয়।
এ সময় এমআরআই পরীক্ষা চলাকালেও বিদ্যুৎ চলে যায়। রোগীর স্বজন মোহাম্মদ আকাশ জানান, পরীক্ষা চলাকালে হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় মেশিন বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা পর আবার পরীক্ষা শুরু করা সম্ভব হয়।
রেডিওলজি ও ইমেজিং বিভাগের প্রধান কাজী মো. আলম বলেন, বিদ্যুৎ না থাকায় এক্স-রে করা সম্ভব হয়নি। আলট্রাসনোগ্রাফি মেশিন চালানোর জন্যও শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থা প্রয়োজন হওয়ায় সেটিও চালু রাখা যায়নি।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আকবর হোসেন বলেন, “জরুরি মেরামতকাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। এ বিষয়ে আগেই নোটিশ দেওয়া হয়েছিল”।
বিদ্যুৎ বিভাগ জানায়, স্টেডিয়াম এলাকার একটি ফিডারের আওতায় কেব্লিং ও মেরামতকাজের জন্য সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা ছিল। এ ছাড়া সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত স্টেডিয়াম এলাকার আরও কয়েকটি ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কথা ছিল। চমেক হাসপাতালও এসব ফিডারের আওতাভুক্ত।
তবে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকলেও হাসপাতালের জরুরি সেবা পুরোপুরি বন্ধ হয়নি। চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দীন বলেন, “নিজস্ব জেনারেটরের মাধ্যমে অপারেশন থিয়েটার, জরুরি বিভাগ, সার্জারি ওয়ার্ড, আইসিইউ, সিসিইউ ও এইচডিইউ সচল রাখা হয়েছিল। ফলে বড় ধরনের কোনো সমস্যা হয়নি”।