দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সিলেটের ওসমানীনগরে সিএনজিচালিত অটোরিকশায় তেলবাহী ট্রাকের ধাক্কায় শিশুসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরের ব্রাহ্মণগ্রাম (কসরতল) এলাকায় শনিবার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওসমানীনগর উপজেলার মোহাম্মদপুর দরকা গ্রামের ফরিদ মিয়ার ছেলে ও অটোরিকশাচালক লালন মিয়া (২৫), সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীরমসী গ্রামের নিয়ামত আলী (৩৫), তার স্ত্রী অযুফা বেগম (৩০) ও তাদের মেয়ে মারিয়া (৮)।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, সিলেট থেকে ঢাকাগামী পদ্মা তেলবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ঢ-৪৪-০৬৫৪) ব্রাহ্মণগ্রাম এলাকায় উল্টো পথে গিয়ে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশাকে (মৌলভীবাজার-থ-১১-৮৩৫৩) চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই শিশুসহ চারজন নিহত হন। গুরুতর আহত হন আরও দুজন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ওসি গোলাম মোস্তফা বলেন, “বেলা আড়াইটার দিকে ব্রাহ্মণগ্রাম এলাকায় তেলবাহী ট্রাকটি উল্টো পথে গিয়ে সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে”।
স্থানীয়রা গুরুতর আহত দুজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন বলেও জানান তিনি।