সিলেট প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ ২০:৩৪ পিএম
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিসিকের ডিসপ্লে ও সেলস সেন্টার উদ্বোধন করেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সিলেটে ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পের প্রসার এবং স্থানীয় উদ্যোক্তাদের বিনিয়োগ বাড়াতে দক্ষিণ সুরমায় ১৮৮ একর জমিতে নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান বর্তমানের প্রায় ৩৪ শতাংশ থেকে ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
শনিবার সিলেট সফরে এসব কথা জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে নতুন ডিসপ্লে ও সেলস সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও জ্বালানি সংকট বিবেচনায় সরকার অধিক জ্বালানি-নির্ভর শিল্পের পরিবর্তে স্বল্প বিনিয়োগ ও পরিবেশবান্ধব ক্ষুদ্র উদ্যোক্তাদের অগ্রাধিকার দিচ্ছে।
শিল্প খাতে বিদ্যুৎ ও জ্বালানি সংকটের টেকসই সমাধান প্রসঙ্গে তিনি বলেন, দেশে প্রতিদিন সাড়ে ৩ থেকে ৪ ঘণ্টা সৌরশক্তির সর্বোত্তম ব্যবহার সম্ভব। স্টোরেজ সুবিধা থাকলে সন্ধ্যার পিক আওয়ারেও এ বিদ্যুৎ কাজে লাগানো যাবে। সরকার নির্ধারিত ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা বাস্তবায়িত হলে শিল্প খাতে লোডশেডিংয়ের সংকট অনেকটাই কমবে। পাশাপাশি শিল্প প্লটে গ্যাসের বিকল্প জ্বালানি হিসেবে রাইস হাস্ক (ধানের তুষ) ও কয়লা ব্যবহারের রূপরেখাও তৈরি করা হচ্ছে।
পরে দক্ষিণ সুরমার শাহপরাণ (রহ.) বাইপাসসংলগ্ন এলাকায় প্রস্তাবিত নতুন বিসিক শিল্পনগরীর স্থান পরিদর্শন করেন মন্ত্রী। তিনি জানান, ১৮৮ একর জমির মধ্যে সাধারণ স্পেস ও অন্যান্য সুবিধা বাদ দিয়ে প্রায় ১১০ একর জমিতে নিট প্লট বরাদ্দ দেওয়া সম্ভব হবে। শিল্পের আকার অনুযায়ী প্লটের সংখ্যা নির্ধারণ করা হবে।
মন্ত্রী আরও জানান, শিল্পনগরীর পাশের বাইপাস সড়কটি ভবিষ্যতে ছয় লেনের মহাসড়কে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে সড়ক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে এবং ডিপিপি তৈরির কাজ চলছে। সড়কটি ঢাকা-সিলেট মূল মহাসড়কের বিকল্প পথ হিসেবেও ব্যবহৃত হবে।
প্রস্তাবিত শিল্পনগরীকে দক্ষিণ সুরমার গোটাটিকর ও আলমপুরের বিদ্যমান বিসিক শিল্পনগরীর সঙ্গে প্রায় তিন কিলোমিটার সংযোগ সড়কের মাধ্যমে যুক্ত করা হবে। কাছাকাছি রেললাইন, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ লাইন এবং জলাশয় থাকায় স্থানটি শিল্প স্থাপনের জন্য উপযোগী বলে জানান মন্ত্রী। স্থানীয় ও প্রবাসী বিনিয়োগকারীসহ দেশের বিভিন্ন এলাকার উদ্যোক্তারা এখানে বিনিয়োগ করবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।
আইটি ও ডিজিটাল খাতের প্রসারে হাইটেক পার্কের পূর্ণ ব্যবহার নিশ্চিত করতে আগামী মাসের প্রথম শনিবার বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টাকে সঙ্গে নিয়ে আবার সিলেট সফরের কথা জানান খন্দকার মুক্তাদির। সেখানে এআই ট্রেনিং সেন্টার স্থাপনের মাধ্যমে নতুন ফ্রিল্যান্সার তৈরির উদ্যোগ নেওয়া হবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের কম সুদে ঋণ, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়ার কথাও জানান তিনি।
এদিকে সিলেট মহানগর পুলিশ (এসএমপি) সদর দপ্তরে কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা নিয়ে মতবিনিময় করেন মন্ত্রী। তিনি বলেন, শান্তিপ্রিয় ও আধ্যাত্মিক নগরী সিলেটে মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা কোনোভাবেই সহ্য করা হবে না। দল-মত নির্বিশেষে অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে।
সভায় সভাপতিত্ব করেন এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম। তিনি বলেন, মহানগরের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সচেষ্ট রয়েছে এবং অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাৎক্ষণিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যুক্তরাষ্ট্রের রেসিপ্রোকাল ট্যারিফ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বাংলাদেশের ওপর সাধারণ শুল্কের বাইরে অতিরিক্ত ১০ শতাংশ ট্যারিফ প্রযোজ্য হয়েছে, যা অন্যান্য দেশের তুলনায় অন্যতম সর্বনিম্ন এবং বাংলাদেশের রপ্তানি খাতের জন্য তুলনামূলক স্বস্তিদায়ক।
ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধি দলের সাম্প্রতিক বাংলাদেশ সফর প্রসঙ্গে তিনি জানান, বাংলাদেশের অবকাঠামো ও ডিজিটাল অবকাঠামো খাতে বিনিয়োগে ভারতীয় ব্যবসায়ীদের আগ্রহ রয়েছে। বিনিয়োগ প্রক্রিয়া দ্রুত ও সুনির্দিষ্ট করতে এফবিসিসিআইয়ের সঙ্গে যৌথভাবে দুটি পৃথক টাস্কফোর্স গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। কাঁচামাল ও পণ্য পরিবহনের জটিলতা কমাতে সীমান্তের ল্যান্ডপোর্টগুলো দ্রুত পুরোপুরি সচল করার উদ্যোগও নেওয়া হচ্ছে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্বোধন করা ডিসপ্লে ও সেলস সেন্টারে সিলেটে উৎপাদিত ঐতিহ্যবাহী ক্ষুদ্র ও কুটির শিল্পপণ্য প্রদর্শন ও বিক্রি হবে। এর মাধ্যমে স্থানীয় উদ্যোক্তাদের পণ্যের দেশ-বিদেশে প্রচার এবং বাজার সম্প্রসারণে নতুন সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
কর্মসূচিগুলোতে সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, শিল্প সচিব আব্দুন নাসের খান, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ টিটু, সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনসহ প্রশাসন, পুলিশ ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।