× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দীর্ঘ ৭০ দিন পর অনশন ভাঙল সেই ধলাপাহাড়

খুলনা অফিস

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ ২০:১৯ পিএম

খুলনায় টানা ৭০ দিন খাবার না খেয়ে থাকার পর কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কে গিয়ে প্রথম খাবার হিসেবে জীবন্ত মুরগি খেয়েছে বাগেরহাটের খানজাহান আলীর কুমির ধলাপাহাড়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনায় টানা ৭০ দিন খাবার না খেয়ে থাকার পর কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কে গিয়ে প্রথম খাবার হিসেবে জীবন্ত মুরগি খেয়েছে বাগেরহাটের খানজাহান আলীর কুমির ধলাপাহাড়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনায় টানা ৭০ দিন খাবার না খেয়ে থাকার পর কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কে গিয়ে প্রথম খাবার হিসেবে জীবন্ত মুরগি খেয়েছে বাগেরহাটের খানজাহান আলী (রহ.) এর দীঘির আলোচিত কুমির ধলাপাহাড়।

গত ১২ আগস্ট বিশেষ ব্যবস্থাপনায় কুমিরটিকে কক্সবাজারে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পরদিনই খাবার দেওয়া হলে মুরগিটি ধরে খেয়ে ফেলে সে। নতুন পরিবেশে গিয়ে খাবার খাওয়ায় কুমিরটির শারীরিক অবস্থা নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

ডুলাহাজারা সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজ মনজুরুল আলম জানান, ধলাপাহাড় বর্তমানে ভালো আছে। পার্কে নেওয়ার পর একদিন জীবন্ত মুরগি কুমিরটির মুখের সামনে দেওয়া হলে সেটি ধরে খেয়ে ফেলে। নিয়ম অনুযায়ী সাধারণত সাত দিন পরপর কুমিরটিকে খাবার দেওয়া হয়। তিনি বলেন, দূর থেকে পর্যবেক্ষণে কুমিরটির শারীরিক অবস্থা ভালোই মনে হয়েছে।

এর আগে গত ৩ জুন বাগেরহাটের খানজাহান আলী (রহ.) এর দীঘি থেকে উদ্ধার করে ধলাপাহাড়কে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়। খুলনায় অবস্থানের সময় ধলাপাহাড় এর বিশেষ পরিচর্যা করা হয়। তবে গত ১২ আগস্ট কক্সবাজারে পাঠানোর আগ পর্যন্ত প্রায় ৭০ দিন সেখানে থাকলেও কোনো খাবার গ্রহণ করেনি কুমিরটি।

খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পাল জানান, খাবার না খেলেও ধলাপাহাড় পুরোপুরি সুস্থ ছিল। কেন্দ্রের চিকিৎসক ডা. জুলকারনাইন তার স্বাস্থ্য পরীক্ষা করে শারীরিক অবস্থা ভালো পান।

নির্মল কুমার পাল বলেন, নতুন পরিবেশে এসে কুমিরের খাবারে অনীহা অস্বাভাবিক নয়। শীতল রক্তবিশিষ্ট প্রাণী হওয়ায় কুমিরের শক্তির চাহিদা তুলনামূলক কম। শরীরে জমা চর্বি থেকে দীর্ঘ সময় শক্তি নিতে পারে। এ কারণে কয়েক মাস এমনকি দীর্ঘ সময় খাবার ছাড়াও কুমির বেঁচে থাকতে পারে।

গত ১ জুন খানজাহান আলী (রহ.) এর মাজারের দীঘিতে গোসল করতে নেমে আট বছর বয়সী এক শিশু কুমিরের আক্রমণে মারা যায়। এর আগে একটি কুকুরকেও আক্রমণ করে হত্যা করেছিল ধলাপাহাড়। পরপর এসব ঘটনায় দীঘির আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে জননিরাপত্তার স্বার্থে ৩ জুন বন বিভাগ কুমিরটিকে উদ্ধার করে খুলনায় নিয়ে আসে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, ধলাপাহাড় এর বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর। দৈর্ঘ্য ৭ থেকে ৮ ফুট এবং ওজন প্রায় ৫০০ থেকে ৬০০ কেজি। ২০০৫ সালে ভারত থেকে আনা কয়েকটি কুমিরের মধ্যে বর্তমানে এটিই একমাত্র জীবিত। অন্য কুমিরগুলো মারা গেলেও এত বছর ধরে টিকে আছে ধলাপাহাড়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা