ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ ১৮:৫৫ পিএম
ঘাটাইলের ছয়ানী বকশিয়া গ্রামের আতর আলীর বিরুদ্ধে ভূমি দখল, সন্ত্রাসী কর্মকাণ্ড ও হয়রানিমূলক মিথ্যা মামলার অভিযোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ছয়ানী বকশিয়া গ্রামের আতাউর রহমান ওরফে আতর আলীর বিরুদ্ধে ভূমি দখল, সন্ত্রাসী কর্মকাণ্ড ও হয়রানিমূলক মিথ্যা মামলার অভিযোগ তুলে শনিবার সকাল ৯টায় ছয়ানী বকশিয়া বাজারে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বকশিয়া, আথাইল শিমুল, বীরসিংহ ও পার্শ্ববর্তী গ্রামবাসী এ মানববন্ধনে অংশ নেন।
মামলাবাজ আতর আলীর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী তাকে গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেন। যাদের জমি জবরদখল করে রেখেছে তারা তাদের জমি ফেরত চান। যাদের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা করা হয়েছে, তাদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।
অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. শাহজাহান আলীর নেতৃত্বে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা ফরমান আলী খান, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তালুকদার, অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাফর আলী প্রমুখ।