হবিগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ ১৮:৪৩ পিএম
হবিগঞ্জে জেলা পর্যায়ের ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
‘খেলাধুলার মাধ্যমে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে গুণগত পরিবর্তন আনা সম্ভব। এই পরিবর্তনের মধ্য দিয়ে প্রতিহিংসাপরায়ণ রাজনীতিকে দূরে ঠেলে দেশে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে হবে। গণতন্ত্র ও বাকস্বাধীনতা প্রতিষ্ঠা করতে হবে, যাতে মানুষ সাহস করে সত্য কথা বলতে পারে।
আমরা মাঠের মানুষ, মাঠের মাধ্যমেই আমরা একটি সুন্দর দেশ গঠন করতে চাই। সকল প্রতিহিংসা ভুলে গিয়ে দেশে একটি সুষ্ঠু ধারার রাজনীতি চালু করতে চাই। একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। ইতোমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সেই লক্ষ্যেই কাজ শুরু করেছেন।’
শনিবার বিকেলে হবিগঞ্জে জেলা পর্যায়ের ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
প্রতিমন্ত্রী আরও বলেন, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সরকার যুগান্তকারী উদ্যোগ নিয়েছে। বর্তমান সময়ে খেলাধুলা শুধু বিনোদনের বিষয় নয়, এটিকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা হয়েছে। নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকার কিশোর-কিশোরীদের অংশগ্রহণ নিশ্চিত করে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করা হচ্ছে। তাদের জাতীয় পর্যায়ে খেলার সুযোগ করে দেওয়া হবে। এর মাধ্যমে আমরা শুধু একটি সুস্থ-সবল জাতি সহ মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে চাই।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ এবং হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন। হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন পর্যায়ের ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।