× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কয়েক ঘণ্টার প্রবল বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ ১৮:৪১ পিএম

আপডেট : ২২ আগস্ট ২০২৬ ২০:৪০ পিএম

দিনভর প্রখর রোদের পর মধ্যরাতে শুরু হওয়া প্রবল বর্ষণে প্লাবিত হয়েছে খাগড়াছড়ির নিম্নাঞ্চল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দিনভর প্রখর রোদের পর মধ্যরাতে শুরু হওয়া প্রবল বর্ষণে প্লাবিত হয়েছে খাগড়াছড়ির নিম্নাঞ্চল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দিনভর প্রখর রোদের পর মধ্যরাতে শুরু হওয়া প্রবল বর্ষণে প্লাবিত হয়েছে খাগড়াছড়ির নিম্নাঞ্চল। গত শুক্রবার রাতে কয়েক ঘণ্টার বৃষ্টিতে মাইনী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হয়েছে খাগড়াছড়ি সদর, দীঘিনালা ও মহালছড়ি উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল।

আকস্মিক এমন ভারী বৃষ্টিতে পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার বাসিন্দা। পানিতে ডুবে গেছে আমনের ক্ষেত। এ ছাড়া পাহাড়ধসের কারণে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়।

প্রবল বৃষ্টিতে সদর উপজেলার আরামবাগ, মেহেদীবাগ, শব্দমিয়াপাড়া, কলেজিয়েট উচ্চ বিদ্যালয় এলাকা, খবংপড়িয়া, গঞ্জপাড়া, কালাডেবাসহ বিভিন্ন নিচু এলাকায় পানি ঢুকে পড়েছে। অনেক পরিবারের বসতঘরের মেঝে পানিতে তলিয়ে গেছে। কেউ কেউ প্রয়োজনীয় মালামাল সরিয়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। 

স্থানীয় বাসিন্দা বিলকিস বেগম জানান, রাতে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। সকালে উঠে দেখেন ঘরের ভেতর পানি ঢুকে গেছে। গত মাসের শুরুতে বন্যা হলেও তাদের বাড়িতে পানি ওঠেনি। কিন্তু এবার মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতেই ঘরে পানি ঢুকে পড়ায় তারা বিস্মিত ও আতঙ্কিত হয়ে পড়েছেন। মুসলিমপাড়া এলাকার বাসিন্দা শাহ আলম বলেন, রাত থেকে ভোর পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হয়েছে। সকালে উঠে দেখেন আশপাশের শতাধিক বাড়িতে পানি উঠে গেছে। এমন পরিস্থিতির জন্য তারা প্রস্তুত ছিলেন না।

শুক্রবার রাত থেকে দীঘিনালায় টানা ভারী বৃষ্টি শুরু হয়। এতে দীঘিনালায় মাইনী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উপজেলার মেরুং, কবাখালী ও বোয়ালখালী এলাকার নিচু অঞ্চল প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে বসতবাড়ি ও আমনের ক্ষেত। দীঘিনালা-মেরুং সড়কের ওপর দিয়েও পানি প্রবাহিত হচ্ছে।

বোয়ালখালী ছড়ার পানি বেড়ে জামতলীসহ আশপাশের নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। স্থানীয়দের ভাষ্য, ছড়ার উজানে তৈদুছড়াসহ পাহাড়ি এলাকায় ব্যাপক বৃষ্টিপাতের ফলে পানি দ্রুত নিচের দিকে নেমে আসে। স্থানীয় বাসিন্দা গণেশ ত্রিপুরা বলেন, রাতে পরিস্থিতি স্বাভাবিক ছিল। ছড়ায়ও তেমন পানি ছিল না। কিন্তু তিন থেকে চার ঘণ্টা টানা বৃষ্টির পর ছড়ার পানি অস্বাভাবিকভাবে বেড়ে নিচু এলাকা প্লাবিত হয়েছে।

দীঘিনালা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের বেলুন মেকার সুভূধি চাকমা জানান, শুক্রবার রাত ৯টা থেকে শনিবার সকাল ৬টার মধ্যে প্রায় তিন ঘণ্টায় ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

এদিকে প্রবল বর্ষণের মধ্যে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের কয়েকটি স্থানেও পাহাড়ধসের ঘটনা ঘটেছে। ৫ মাইল ও ৯ মাইল এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়ায় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সৌম্য তালুকদার জানান, ফায়ার সার্ভিস ও সড়ক বিভাগের যৌথ প্রচেষ্টায় ধসে পড়া মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, আকস্মিক জলাবদ্ধতার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসন সংশ্লিষ্ট এলাকাগুলো পরিদর্শন করেছে। নিম্নাঞ্চলের যেসব ঘরবাড়িতে পানি উঠেছে, সেসব পরিবারের সদস্যদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, পাহাড়ি ঢলের কারণে সাময়িকভাবে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তবে দুপুরের পর থেকে পানি নামতে শুরু করেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা