নড়াইল প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ ১৫:৪৬ পিএম
প্রতীকী ছবি
নড়াইলের কালিয়া উপজেলার বিষ্টুপুর গ্রামের ইয়াদুল ইসলাম (৮) স্কুল ছুটির পর নদীতে সাঁতার কাটতে নেমেছিল।
এরপর আর বাড়ি ফেরা হয়নি তার। নিখোঁজের দুই দিন পর খুলনার বটিয়াঘাটায় কাজিবাছা নদীর তীর থেকে উদ্ধার হয়েছে তার মরদেহ।
বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের তেঁতুলতলা
দুর্গা মন্দিরের পূর্ব পাশে নদীর তীরে শনিবার দুপুরে স্থানীয়রা শিশুটির মরদেহ পড়ে থাকতে
দেখে পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশসহ স্থানীয় প্রশাসন ও
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ইয়াদুল ইসলামের মরদেহ উদ্ধার
করেন। তার বাবা শিমুল মোল্লা। তাদের বাড়ি নড়াইলের কালিয়া উপজেলার বিষ্টুপুর গ্রামে।
স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার স্কুল
ছুটির পর ইয়াদুল কাজিবাছা নদীতে সাঁতার কাটতে নামে। এরপর সে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা
তাকে খুঁজেও কোনো সন্ধান পাননি।
বটিয়াঘাটা থানার ওসি (তদন্ত) মো. শরিফুল
ইসলাম বলেন, শনিবার দুপুর ১২টার দিকে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্থানীয়দের
সহযোগিতায় বটিয়াঘাটা থানা পুলিশ, সিআইডি ও পিআইবি পুলিশের সদস্যরা শিশুটির মরদেহ উদ্ধার
করেন।
তিনি বলেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া
শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।