× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাট চাষ করে বিপাকে কুড়িগ্রামের কৃষকরা

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ ১৪:২৯ পিএম

আপডেট : ২২ আগস্ট ২০২৬ ১৪:৩৫ পিএম

পাট কেটে জাগ দিতে যাচ্ছেন কৃষক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পাট কেটে জাগ দিতে যাচ্ছেন কৃষক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ছোট-বড় ১৬ নদ-নদীবেষ্টিত উত্তরের জেলা কুড়িগ্রামে বর্ষা মৌসুমেও দেখা দিয়েছে পানির সংকট। আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তনের প্রভাবে বৃষ্টিপাতের স্বাভাবিক ধারায় পরিবর্তন আসায় জেলার বিভিন্ন খাল-বিল ও জলাশয়ে পর্যাপ্ত পানি জমেনি। ফলে পাট কাটার পর সময়মতো জাগ দিতে না পেরে বিপাকে পড়েছেন কৃষকেরা।

পানি না থাকায় অনেক কৃষককে কয়েক কিলোমিটার দূরে পাট নিয়ে গিয়ে জাগ দিতে হচ্ছে। এতে বেড়েছে পরিবহন ও শ্রমিক খরচ। আবার সময়মতো জাগ দিতে না পারায় পাটের আঁশের গুণগত মান নিয়েও শঙ্কায় রয়েছেন চাষিরা। এমন পরিস্থিতিতে পাট চাষে আগ্রহ হারাচ্ছেন অনেক কৃষক।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে কুড়িগ্রামে ১৫ হাজার ৭৫০ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। এর মধ্যে ৯ হাজার ১২৫ হেক্টর জমির পাট কাটা হয়েছে। কয়েক বছর আগেও জেলায় প্রায় ৪০ হাজার হেক্টর জমিতে পাট চাষ হতো। বর্তমানে তা কমে প্রায় ১৫ হাজার হেক্টরে নেমে এসেছে।

কৃষি কর্মকর্তারা বলছেন, পানি সংকটের কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন প্রান্তিক কৃষকেরা। পাট কাটার পর রিবন রেটিং মেশিনের মাধ্যমে আঁশ ছাড়ানোর আধুনিক পদ্ধতি ব্যবহার করা গেলেও অনেক কৃষক এখনো এ প্রযুক্তি সম্পর্কে জানেন না। ফলে প্রচলিত পদ্ধতিতে পাট জাগ দিতে গিয়ে বাড়তি খরচ ও ঝুঁকি নিতে হচ্ছে তাদের।

দূরের জলাশয়ে পাট নিয়ে জাগ দিতে গেলে পরিবহন ব্যয় বাড়ছে। আবার অল্প পানিতে পাট স্তূপ করে রাখলে আঁশের গুণগত মান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

সরেজমিনে জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, জাগ দেওয়ার উপযুক্ত পানি না পেয়ে কেউ জমির পাশে, কেউ সড়কের ধারে আবার কেউ জলাশয়ের পাড়ে পাটের আঁটি স্তূপ করে রেখেছেন। দীর্ঘ সময় এভাবে পড়ে থাকায় পাটের আঁশের স্বাভাবিক রং ও গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।

কুড়িগ্রাম সদর উপজেলার টগরাইহাট এলাকার কৃষক আব্দুল মমিন ও বাবু মিয়া বলেন, আগে বাড়ির পাশের খালে সহজেই পাট জাগ দেওয়া যেত। এবার অনেক খালেই পানি নেই। যেসব খাল বা জলাশয়ে পানি আছে, সেখানকার মালিকেরা অন্যের পাট জাগ দিতে দিতে চান না। ফলে দূরের জায়গায় পাট নিয়ে যেতে হচ্ছে। এতে সময় ও খরচ দুটোই বেড়েছে।

রাজারহাট উপজেলার ছিনাই এলাকার কৃষক মোজাম্মেল হক জানান, পাট কাটার পর দ্রুত জাগ দিতে না পারায় সমস্যায় পড়েছেন তিনি। পাটগাছ শুকিয়ে যাচ্ছে। এতে ভালো মানের আঁশ পাওয়া যাবে কি না, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, কৃষিতে আধুনিক পদ্ধতি ব্যবহার করা গেলে কৃষকেরা অনেক বেশি উপকৃত হতেন। সনাতন পদ্ধতিতে পাট জাগ দেওয়ায় কৃষকেরা কাঙ্ক্ষিত লাভ থেকে বঞ্চিত হচ্ছেন।

তিনি বলেন, পাট কাটার পর যত দ্রুত সম্ভব পর্যাপ্ত ও পরিষ্কার পানিতে জাগ দিতে হবে। পানির সংকট দেখা দিলে আশপাশের কৃষকদের সঙ্গে সমন্বয় করে গভীর ও পরিষ্কার জলাশয় ব্যবহার করা যেতে পারে। প্রয়োজনে উপজেলা কৃষি অফিসের পরামর্শ নিয়ে পাট জাগ দেওয়ার পদ্ধতি অনুসরণ করা উচিত।

কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঋতুর স্বাভাবিক বৈশিষ্ট্যে পরিবর্তন এসেছে। নির্দিষ্ট সময়ে প্রত্যাশিত বৃষ্টিপাত হচ্ছে না। কখনো বৃষ্টির পরিমাণ কমছে, আবার কখনো অস্বাভাবিক সময়ে বৃষ্টি হচ্ছে। ফলে বর্ষা মৌসুমেও অনেক এলাকায় পর্যাপ্ত পানি জমছে না। এর সরাসরি প্রভাব পড়ছে কৃষিতে।

কৃষকদের দাবি, পাট জাগ দেওয়ার জন্য খাল-বিল ও জলাশয়গুলোতে পানি সংরক্ষণের ব্যবস্থা করা গেলে সংকট অনেকটাই কমবে। পাশাপাশি আধুনিক রিবন রেটিং প্রযুক্তি ব্যবহারে কৃষকদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ারও দাবি জানিয়েছেন তারা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা