কয়রা (খুলনা) প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ ১৩:১৭ পিএম
আপডেট : ২২ আগস্ট ২০২৬ ১৩:২৮ পিএম
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল্লাহ আল মামুন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
খুলনার কয়রার উত্তর বেদকাশীতে জমিজমা সংক্রান্ত বিরোধ ও পানি নিষ্কাশনের ড্রেন দখলকে কেন্দ্র করে আব্দুল্লাহ আল মামুন (২৪) নামে এক যুবককে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।
তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কয়রা দক্ষিণ থানা শাখার সাবেক সভাপতি এবং বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত পিতা-পুত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ড্রেন দখল ঘিরেই সংঘর্ষ
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে উত্তর বেদকাশী ইউনিয়নের পাথরখালী এলাকায় কোবাদ সরদারের ভিটার পেছনের জমিতে এ ঘটনা ঘটে। আহত আব্দুল্লাহ ওই এলাকার আবু তালেব গাজীর ছেলে।
আব্দুল্লাহর ভাই আসমাতুল্লাহ অভিযোগ করেন, তাদের জমির এক পাশে পানি নিষ্কাশনের ড্রেন ছিল। পাশের জমির মালিক জাহাঙ্গীর ওরফে ইয়ার আলী ও তার লোকজন ড্রেনটি ভরাট করে সমান করে দেন। পরে তাদের জমির অংশের সঙ্গে মিলিয়ে ধান রোপণ করে ঘেরা দেওয়া হয়।
আব্দুল্লাহ এতে বাধা দিলে কথা কাটাকাটির একপর্যায়ে জাহাঙ্গীরের ছেলে মেহেদী হাসান পেছন থেকে তার মাথায় সজোরে আঘাত করেন বলেও অভিযোগ করেন তিনি।
আসমাতুল্লাহ আরও অভিযোগ করেন, মেহেদী উত্তর বেদকাশী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আলাউদ্দিনের ঘনিষ্ঠ সহযোগী এবং ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত।
রাজনৈতিক প্রভাবের কারণে তিনি এলাকায় বেপরোয়া হয়ে উঠেছেন বলেও দাবি করেন তিনি।
তার অভিযোগ, গত সপ্তাহে স্থানীয় ইউপি সদস্য কারিম মেম্বারকে হেনস্তা ও মারধর এবং এর আগে ইসমাইল নামে এক ব্যক্তিকে মারধরের ঘটনাও ঘটেছে।
আশঙ্কাজনক অবস্থায় ঢাকায়
হামলার পর স্থানীয়রা গুরুতর আহত আব্দুল্লাহকে প্রথমে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়।
সেখানেও অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকায় রেফার্ড করা হয়। বর্তমানে ঢামেক হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় তার চিকিৎসা চলছে।
এ ঘটনায় আব্দুল্লাহর দুলাভাই রবিউল ইসলাম বাদী হয়ে কয়রা থানায় মামলা করেন। মামলার আসামি মেহেদী হাসান চিকিৎসার জন্য খুলনার জায়গীর মহল হাসপাতালে গেলে পুলিশ তাকে সেখান থেকে গ্রেপ্তার করে। অপর আসামি জাহাঙ্গীর (ইয়ার আলী) মোল্লাকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
কয়রা থানার ওসি (তদন্ত) হাসানুজ্জামান জানান, জমি সংক্রান্ত হামলার ঘটনায় লিখিত মামলা হয়েছে। মামলার ভিত্তিতে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত পরবর্তী প্রক্রিয়া চলমান রয়েছে।