কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ ১৩:১৩ পিএম
আপডেট : ২২ আগস্ট ২০২৬ ১৭:৩২ পিএম
সেতুটি নির্মিত হলে কিশোরগঞ্জের কটিয়াদী, নরসিংদী ও গাজীপুর এই তিন জেলার যোগাযোগ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আসবে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কিশোরগঞ্জের কটিয়াদী, নরসিংদী ও গাজীপুর তিন জেলার সংযুগস্থল আড়িয়াল খাঁ নদীর উপর প্রস্তাবিত সেতুটি নির্মিত হলে এই তিন জেলার যোগাযোগ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আসবে।
বিভিন্ন
প্রতিবেদনে এই সেতুটি স্থানীয় ও আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ
ভূমিকা পালন করবে। সেতুটি চালু হলে কিশোরগঞ্জ, নরসিংদী ও গাজীপুর এই তিন জেলার মানুষের যাতায়াত সুবিদা অনেক সহজ হওয়ার পাশাপাশি কৃষিপণ্য
পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনীতিতে অত্যন্ত ইতিবাচক প্রভাব পড়বে।
তিন জেলার মধ্যবর্তী যাতায়াতের দূরত্ব
উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
বর্তমানে
নদী পারাপারের একমাত্র ভরসা খেয়া নৌকা। প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী,
চাকরিজীবী ও রোগীদের জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হতে হয়। বর্ষা মৌসুমে এ দুর্ভোগ
আরও বেড়ে যায়। বৃষ্টি কিংবা বৈরী আবহাওয়ায় খেয়া চলাচল বন্ধ থাকলে ঘণ্টার পর ঘণ্টা
অপেক্ষা করতে হয় যাত্রীদের।
স্থানীয়দের
দাবি, বৈরাগীরচর-মনতলা সেতু নির্মিত হলে শুধু দুই পাড়ের মানুষের যোগাযোগই সহজ হবে
না, কিশোরগঞ্জ, নরসিংদী ও গাজীপুর জেলার বিস্তীর্ণ এলাকার মানুষের যোগাযোগ
ব্যবস্থায়ও আসবে বৈপ্লবিক পরিবর্তন।
স্বাস্থ্যসেবা
পাওয়ার ক্ষেত্রেও সেতুটির গুরুত্ব অপরিসীম। নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর
ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষের জন্য কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অন্যতম
নিকটবর্তী সরকারি চিকিৎসাকেন্দ্র। কিন্তু জরুরি রোগী নিয়ে নদী পার হতে গিয়ে প্রায়ই
সময় নষ্ট হয়। সেতুটি নির্মাণ হলে দ্রুত ও নির্বিঘ্নে রোগীদের হাসপাতালে নেওয়া
সম্ভব হবে বলে মনে করছেন স্থানীয়রা।
শিক্ষার্থীদের
দুর্ভোগও দীর্ঘদিনের। নদীর দুই পাড়ে রয়েছে একাধিক স্কুল, কলেজ ও মাদরাসা।
প্রতিদিন শত শত শিক্ষার্থী খেয়া নৌকায় নদী পার হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করে।
খেয়া বন্ধ বা বিলম্বিত হলে ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ ব্যাহত হয়। অতীতে নৌকা
দুর্ঘটনার ঘটনাও ঘটেছে বলে জানান স্থানীয়রা।
মসূয়া
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক বলেন, কৃষিনির্ভর এ অঞ্চলের অর্থনীতির
জন্যও সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈরাগীরচর, মনতলা ও আশপাশের এলাকায় উৎপাদিত
ধান, পাট, শাকসবজি ও অন্যান্য কৃষিপণ্য বাজারজাত করতে বর্তমানে অতিরিক্ত সময় ও
পরিবহন ব্যয় হয়। সেতু নির্মাণ হলে কৃষিপণ্য দ্রুত বাজারে নেওয়া সম্ভব হবে, কমবে
পরিবহন খরচ এবং বাড়বে কৃষকের আয়।
স্থানীয়
ব্যবসায়ীদের মতে, উন্নত যোগাযোগব্যবস্থা হলে এলাকায় নতুন ব্যবসা ও বিনিয়োগের সুযোগ
সৃষ্টি হবে। পাশাপাশি কর্মসংস্থান বাড়ার মাধ্যমে সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও
গতি আসবে।
এলাকাবাসীর
দীর্ঘদিনের এ দাবি জাতীয় সংসদেও উত্থাপিত হয়েছে। কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া)
আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন জাতীয় সংসদে সেতু নির্মাণের
প্রয়োজনীয়তা তুলে ধরে স্থানীয় সরকার মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
তবে
দীর্ঘদিন দাবি ও উদ্যোগের পরও দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় হতাশা বাড়ছিল এলাকাবাসীর
মধ্যে। এরই মধ্যে নতুন করে আশার আলো দেখছেন তারা।
কিশোরগঞ্জ-২
আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন কটিয়াদীর আড়িয়াল খাঁ নদীর উপর দুটি
গুরুত্বপূর্ণ সেতু নির্মাণে উদ্যোগ নিয়েছেন। এরই ধারাবাহিকতায় গত ২০ আগস্ট ২০২৬
তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলীর কাছে ডিও
লেটার প্রদান করেন। প্রস্তাবিত সেতু দুটি হলো দক্ষিণ চরপুক্ষিয়া-চরগোগালবাড়ীয়া
সেতু এবং বৈরাগীরচর-মনতলা সেতু।
এমপি
অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, “সেতু দুটি নির্মিত হলে কটিয়াদীর মানুষের
দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ কমবে। জনস্বার্থে সেতু দুটি দ্রুত বাস্তবায়নে
প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে।”
কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলীজ বলেন, “বৈরাগীরচর-মনতলা সেতু নির্মাণ হলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কৃষি খাতের উন্নয়নের পাশাপাশি তিন জেলার মানুষের যাতায়াত সহজ হবে। স্থানীয়দের দীর্ঘদিনের এ দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় উদ্যোগ নেবে বলে আমরা আশাবাদী।”