রাজশাহী বিশ্ববিদ্যালয়
শহীদ জিয়াউর রহমান হল, রাজশাহী বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হল সংসদের এজিএস মো. ইসরাফীলের আবাসিকতা সাময়িকভাবে স্থগিত করা হলেও চার মাস পরও তিনি ওই হলেই অবস্থান করছেন বলে অভিযোগ উঠেছে।
তার আবাসিকতা এখনও পুনর্বহাল করা হয়নি বলে জানিয়েছেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক মাহবুবার রহমান। তবে কীভাবে আবাসিকতা স্থগিত থাকা শিক্ষার্থী হলে অবস্থান করছেন, সে বিষয়ে তার কাছে কোনো ‘ব্যাখ্যা নেই’ বলে জানিয়েছেন তিনি। এদিকে ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটি চার মাসেও প্রতিবেদন জমা দেয়নি।
গত এপ্রিল মাসের প্রথম সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের একটি কক্ষে ‘নারী থাকার সন্দেহে’ অনুমতি ছাড়া তল্লাশি চালানোর অভিযোগ ওঠে শিবির প্যানেল থেকে নির্বাচিত হল সংসদের এজিএস ইসরাফীলসহ কয়েকজনের বিরুদ্ধে। পরে শৃঙ্খলা ভঙ্গ ও ভীতিকর পরিবেশ সৃষ্টির অভিযোগে ইসরাফীল, হল সংসদের সাংস্কৃতিক সম্পাদক মো. সাকিব জুবায়ের ও শিক্ষার্থী মো. ফোরকান হাফিজ জীমের আবাসিকতা সাময়িকভাবে স্থগিত করে হল প্রশাসন। একই ঘটনায় হল সংসদের ভিপি মোজাম্মেল হককে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়। ওই ঘটনার অধিকতর তদন্তে একটি কমিটিও গঠন করা হয়।
তবে এখন পর্যন্ত ইসরাফীল হলে অবস্থান করছেন বলে জানিয়েছেন হলের একাধিক শিক্ষার্থী। এর আগে জুলাইয়েও তার পাশাপাশি হল সংসদের সাংস্কৃতিক সম্পাদক সাকিব জুবায়েরের আবাসিকতা বাতিলের পরও হলে থাকার অভিযোগ উঠেছিল। তবে সাকিব জানিয়েছেন, কিছুদিন আগে হল থেকে নেমে গিয়েছেন।
অভিযোগের বিষয়ে এজিএস ইসরাফীলের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছি না। আপনি প্রশাসনকে জিজ্ঞাসা করেন।’
বিষয়টি নিয়ে জানতে চাইলে হল প্রাধ্যক্ষ অধ্যাপক মাহবুবার রহমান বলেন, ‘ওদের আবাসিকতা বাতিলই আছে। কিন্তু ওরা হলে অবস্থান করছে। এখন যদি বলো কীভাবে অবস্থান করছে, এর ব্যাখ্যা তো আমার কাছে নেই।’
তিনি বলেন, ‘তারা বহুবার সাংগঠনিকভাবে চাপ দিয়েছে। কিন্তু আমি সেটা গ্রহণ করিনি। আমি ইচ্ছা করলেও এখন তাদের নতুনভাবে আবাসিকতা দিতে পারব না। ঘটনাটি নিয়ে তদন্ত কমিটি হয়েছে। কমিটির প্রতিবেদন না আসা পর্যন্ত আমার এখানে করার কিছু নেই।’
জেনেও ব্যবস্থা নিতে না পারার বিষয়ে তিনি বলেন, ‘৬০০টা রুমে গিয়ে গিয়ে অবৈধ শিক্ষার্থীদের আইডেন্টিফাই করে বের করে দেওয়া সম্ভব? আমাদের ওই রকম প্রশাসনিক সাপোর্টও নেই।’
এ ঘটনাকে নিজের ব্যর্থতা উল্লেখ করে প্রাধ্যক্ষ বলেন, ‘এখন যদি বলো এটা আমার ব্যর্থতা, তাহলে তাই। আমার কি এমন প্রশাসনিক ক্ষমতা আছে বলো। তবুও আমি বিষয়টি আবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাব।’
এদিকে অভিযুক্তদের আপত্তির কারণে তদন্ত কার্যক্রম থেমে আছে বলে জানিয়েছেন তদন্ত কমিটির সদস্য ও হলের হাউস টিউটর অধ্যাপক মুহাম্মদ মতিউর রহমান।
তিনি বলেন, ‘আমরা তদন্তের কাজ চালিয়েছি। পরপর দুটি বৈঠকও করেছি। যাদের রুমে তল্লাশি চালানো হয়েছিল, তাদের সবার সঙ্গে কথা বলেছি। পরে অভিযুক্তদের কথা বলার জন্য ডাকা হলে তারা আসেনি। পরে জানতে পারি কমিটির দুই ছাত্র প্রতিনিধি নিয়ে তারা প্রাধ্যক্ষের কাছে লিখিত আপত্তি জানায়। কমিটিতে দুজন ছাত্র প্রতিনিধি ছিল, যাদেরকে তারা দলীয় প্রতিনিধি বলে দাবি করেন। যদিও তারা সাধারণ শিক্ষার্থীই ছিল।’
তিনি আরও বলেন, ‘আমরা পরে সবকিছু প্রাধ্যক্ষ স্যারকে জানাই। স্যার পরে উপাচার্যকে বিষয়টি জানান। এরপর উপাচার্য স্যার কয়েকবার দেশের বাইরে গেছেন, বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। এখন পর্যন্ত তিনি আমাদের কোনো নির্দেশনা বা সুরাহা দেননি। তাই তদন্তও আর এগিয়ে নেওয়া সম্ভব হয়নি। প্রশাসন থেকে আবার নির্দেশনা এলে আমরা তদন্তের পরবর্তী কাজ শুরু করব।’