তরিকুল ইসলাম মিঠু, যশোর
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ ১২:১৩ পিএম
আধুনিক কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান যশোরের মনিরামপুর সরকারি সার্ভে ইনস্টিটিউট। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
শত কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান যশোরের মনিরামপুর সরকারি সার্ভে ইনস্টিটিউটে প্রবেশ করতে হচ্ছে মই বেয়ে। মূল ফটকের সামনে বড় ড্রেনটি খালে পরিণত হওয়ায় শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীকে ঝুঁকি নিয়ে কাঠের মই পার হয়ে যাতায়াত করতে হচ্ছে। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। দৃষ্টিনন্দন গেটের সামনে এমন বেহাল প্রবেশপথ নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে প্রতিষ্ঠানসংশ্লিষ্ট ও স্থানীয়দের মধ্যে।
সম্প্রতি সরেজমিন দেখা যায়, মনিরামপুর পৌরসভার মধ্যে পাকোড়া নামক স্থানে মহাসড়কের পাশে বড় দৃষ্টিনন্দন গেট। গেটের সামনেই পানি প্রবাহের বড় ড্রেনটি এখন যেন ছোট খালের রূপ নিয়েছে। তার উপর দিয়ে ইনস্টিটিউটে প্রবেশের জন্য মই তৈরি করে দেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, দেশের আরও তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের মতো যশোরের মনিরামপুরে নির্মিত ভূমি জরিপ ইনস্টিটিউট বা সরকারি সার্ভে ইনস্টিটিউটটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান। অন্যগুলো হলোÑ রাজশাহী সার্ভে ইনস্টিটিউট, কুমিল্লা সার্ভে ইনস্টিটিউট ও বরগুনা সার্ভে ইনস্টিটিউট।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, যশোর থেকে ২০ কিলোমিটার দক্ষিণে মনিরামপুর পৌরসভার ১২ নম্বর হাকাবো ও ৯৩ নাম্বার গাংড়া মৌজার প্রায় ৫ একর জমির উপর প্রায় শত কোটি টাকা ব্যয়ে নির্মিত মনিরামপুর সার্ভে ইনস্টিটিউটি। ইনস্টিটিউট কেন্দ্রের ভিতরে ৫ তলা প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, ওয়ার্কশপ ও মাল্টিপারপাস হল, ছাত্র হোস্টেল, ছাত্রী হোস্টেল, টিচার্স, স্টাফ ডরমেটরি ভবন ও একটি মসজিদসহ ৯টি আধুনিক মানের ভবন তৈরি করা হয়েছে।
ইনস্টিটিউটটি সার্ভে/ভূমি জরিপ বিষয়ক ডিপ্লোমা ও উচ্চতর প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রতিষ্ঠানটিতে একসাথে প্রায় ৩০০ জন শিক্ষার্থী পাঠ গ্রহণের সুযোগ রয়েছে। এটি চালুর ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ সারাদেশের শিক্ষার্থীদের ভূমি জরিপ সংক্রান্ত বিষয়ে কারিগরি শিক্ষা ও উচ্চতর প্রশিক্ষণের বড় সুযোগ সৃষ্টি হয়েছে।
হারুন আর রশিদ নামে এক শিক্ষার্থী জানান, তিনি পাবনা থেকে এখানে এসে লেখাপড়া করছেন। মূল ফটকের সামনে ড্রেন থাকাতে মই দিয়ে যাতায়াত করতে হয়। শিক্ষক এবং শিক্ষার্থীসহ অনেকে পা পিছলে পড়েও যায়।
নাম প্রকাশ না করার শর্তে অপর এক শিক্ষার্থী জানান, এত বড় প্রতিষ্ঠানে মাত্র ৫৫ জন শিক্ষার্থী তাছাড়া শিক্ষক সংকটও রয়েছে। যে কারণে ঠিকঠাক ক্লাস হয় না। প্রধান গেটের সামনের নালাটি যেন খালে পরিণত হয়েছে। সেটি আবার পার হতে হয় মই দিয়ে।
স্থানীয় ব্যবসায়ী আলামিন জানান, সার্ভে ইনস্টিটিউটের গেটের সামনের নালাটি পার হতে হঠাৎ যদি কোনো শিক্ষক বা শিক্ষার্থী মোটরসাইকেল অথবা সাইকেল চালিয়ে যায় তাহলে নির্ঘাত খাদে পড়ে যাবে। এটি দ্রুত সংস্কার করা দরকার।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ড. এমএম নাজমুল হক বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো এখনও ভবন আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে হস্তান্তর করেনি। ভবনগুলাতে এখনও কিছু কাজ বাকি রয়েছে। তাছাড়া রাস্তা নির্মাণের জন্য নতুন টেন্ডার হবে। এরপরই সামনের রাস্তা সংস্কার হবে।