কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ ১১:২৮ এএম
আপডেট : ২২ আগস্ট ২০২৬ ১১:৪৩ এএম
চলন্ত অবস্থায় ইঞ্জিনে আগুন লাগা যাত্রীবাহী বাস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কক্সবাজারের রামুতে ‘যান্ত্রিক ত্রুটির’ কারণে চলন্ত অবস্থায় যাত্রীবাহী একটি এসি বাসের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে।
এ সময় যাত্রীদের ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চালক ও হেলপার।
তবে বাসের গ্লাস ভেঙে যাত্রীরা বেরিয়ে আসতে সক্ষম হওয়ায় এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার কলঘর বাজার এলাকার এন আলম ফিলিং স্টেশনের সামনে শুক্রবার রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
তথ্যটি নিশ্চিত করেছেন রামু হাইওয়ে ক্রসিং থানার পুলিশ পরিদর্শক সুকান্ত চক্রবর্তী।
স্থানীয় কয়েকজন ও ওই বাসে থাকা কয়েকজন যাত্রীর বরাতে তিনি জানান, রাতে কক্সবাজার শহর থেকে আইকনিক পরিবহনের একটি ডাবল ডেকার এসি বাস যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। বাসটি কলঘর বাজার এলাকায় পৌঁছালে আকস্মিকভাবে ইঞ্জিনে আগুন ধরে যায়।
এ সময় বাসটির সহকারী স্থানীয়দের সহায়তায় পাশের এন আলম ফিলিং স্টেশন থেকে ফায়ার এক্সটিংগুইশার ও পানি দিয়ে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনেন। পরে চালক ও সহকারী বাসটি ফেলে পালিয়ে যান বলেও জানান তিনি।
স্থানীয় কয়েকজন জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই ঘটনাস্থলের আশপাশে থাকা লোজন আগুন নিভিয়ে ফেলেন। এ সময় বাসে আটকা পড়া যাত্রীদের পাশাপাশি স্থানীয়রাও গ্লাস ভাঙতেও সহয়তা করেন তারা।
পরিদর্শক সুকান্ত চক্রবর্তী জানান, প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লাগার তথ্য পাওয়া গেছে। ঘটনার কারণ জানতে পুলিশ খোঁজখবর নিচ্ছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।