ফরহাদ সুমন, চট্টগ্রাম
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ ১০:১৭ এএম
শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন (বাঁয়ে) ও মো. রায়হান। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
চট্টগ্রামে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন গ্রেপ্তার হওয়ার পর অন্ধকার জগতের নিয়ন্ত্রণে উঠে এসেছে আরেক শীর্ষ সন্ত্রাসী মো. রায়হানের নাম।
গত বছরের ৫ আগস্টের পর নগর ও জেলায় জোড়া খুনসহ বিভিন্ন অভিযোগে রায়হানের বিরুদ্ধে ১৩টি মামলা হয়েছে। এর মধ্যে হত্যা মামলা ছয়টি।
৩৫ বছর বয়সী রায়হান তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। তবে পুলিশ বলছে, বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের অন্ধকার জগতের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে তিনি পারদর্শী হয়ে উঠেছেন। অস্ত্র চালনাতেও তিনি দক্ষ। কথায় কথায় গুলি ছোড়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
অনুসন্ধানে জানা গেছে, একসময় সাদামাটা জীবনযাপন করতেন রায়হান। সবার সঙ্গে তার আচরণ ছিল বিনয়ী ও বন্ধুসুলভ। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি দ্বিতীয়। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে দলটির বিভিন্ন মিছিল ও সমাবেশে যোগ দিতেন। স্থানীয় এক ইউনিয়ন পরিষদ সদস্যের সঙ্গেও তার সখ্য ছিল। ক্ষমতার পটপরিবর্তনের পর বিএনপির সভা-সমাবেশে যোগ দিতে শুরু করেন তিনি। বিএনপি নেতাদের সঙ্গে ছবি তুলে নিজের ফেসবুক আইডিতেও প্রকাশ করতেন।
তবে ২০২৪ সালে একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার পর বদলে যেতে থাকে রায়হানের জীবন। কারাগারে তার ঘনিষ্ঠতা হয় সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের সঙ্গে। দীর্ঘদিন একই কারাগারে অবস্থানের সময় দুজনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। কারাভোগের পর ২০২৪ সালের ৫ আগস্টের পর দুজনই জামিনে বেরিয়ে আসেন। এরপর তারা বেপরোয়া হয়ে ওঠেন বলে পুলিশের ভাষ্য। রায়হান অস্ত্র চালনায় দক্ষ হয়ে ওঠেন, আর ছোট সাজ্জাদ চাঁদাবাজিতে সক্রিয় হন। তাদের কর্মকাণ্ড বিদেশে পলাতক অন্ধকার জগতের গুরু সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের নজরে আসে। প্রাথমিক যোগাযোগের পর ছোট সাজ্জাদ ও রায়হানকে নিজের দলে নেন বড় সাজ্জাদ। এরপর চট্টগ্রাম নগর ও উপজেলায় একের পর এক ঘটনায় তাদের নাম আলোচনায় আসে।
রাউজানে যুবদল কর্মী ইব্রাহিম হত্যার মামলাতেও আসামি রায়হান। গত ২২ এপ্রিল দুপুর ১টায় রাউজান সদর ইউনিয়নের পূর্ব রাউজান ৮ নম্বর ওয়ার্ডের গাজীপাড়ায় সিএনজি-ট্যাক্সি স্টেশন এলাকায় প্রকাশ্যে গুলি করে ইব্রাহিমকে হত্যা করা হয়। তার মাথা ও বুকে গুলি লাগে। এর আগে গত বছরের ২৯ আগস্ট নগরের অক্সিজেন-হাটহাজারীর পশ্চিম কুয়াইশে গুলি করে হত্যা করা হয় দুই বন্ধু মো. মাসুদ ও মো. আনিছকে। এর এক মাসের মাথায় গত বছরের ২১ সেপ্টেম্বর চান্দগাঁও অদূরপাড়া জাগরণী ক্লাবসংলগ্ন একটি চায়ের দোকানে গুলি করে হত্যা করা হয় ইট-বালুর ব্যবসায়ী মো. তাহসীনকে। পুলিশ বলছে, এসব হত্যাকাণ্ডে সাজ্জাদের সঙ্গে রায়হানও জড়িত।
সাজ্জাদ গ্রেপ্তার হওয়ার পর রায়হান রাউজানে চলে যান। গত ২৩ মে নগরের পতেঙ্গা সমুদ্রসৈকতে সন্ত্রাসী আকবর আলী ওরফে ঢাকাইয়া আকবরকে প্রকাশ্যে গুলি করে হত্যার মামলাতেও রায়হানকে আসামি করা হয়।
পুলিশ জানায়, কারাগার থেকে বের হওয়ার পর রায়হান নগর ও জেলায় দাপিয়ে বেড়াতে শুরু করেন। মূলত কারাগারে থাকার সময় ছোট সাজ্জাদের কাছ থেকে তিনি অন্ধকার জগতের কর্মকাণ্ডে দীক্ষা নেন। ছোট সাজ্জাদ সম্প্রতি কারাগারে গেলেও তার অস্ত্রভান্ডারের দেখভাল করছেন রায়হান। সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার হওয়ার পর অন্ধকার জগতের একক নিয়ন্ত্রণও রায়হানের হাতে চলে গেছে বলে পুলিশ জানায়। বর্তমানে পুলিশের গ্রেপ্তার এড়াতে রায়হান পলাতক। তবে সামাজিক মাধ্যম ফেসবুকে তিনি সক্রিয় রয়েছেন।
পলাতক অবস্থায় গত বৃহস্পতিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে রায়হান লিখেছেন, ‘আমার মতো শত শত স্টোরে রায়হান পড়ে আছে। দলের লোকজন জেলে থাকলেও বড় সাজ্জাদের নির্দেশে নতুনরা পুরনোদের চেয়েও ভয়ংকর হয়ে উঠবে। খেলার মাঠে আগেই পরিচয় পেয়েছ, আপডেট পাবে ইনশাআল্লাহ।’ এই ফেসবুক পোস্ট সম্পর্কে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, রায়হানের পোস্টে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
গত ২৯ জুলাই রাতে অভিযান চালিয়ে যশোর থেকে ‘সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করে জেলা পুলিশ। একই দিন মো. রায়হানকে গ্রেপ্তার করতে নোয়াখালীতেও অভিযান চালায় পুলিশ। তবে সেদিন রায়হান পালিয়ে যেতে সক্ষম হন। পরদিন সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ‘আমরা রায়হানকে প্রায় ধরেই ফেলেছিলাম। রায়হান কোনোভাবে ছাদ থেকে লাফিয়ে পালিয়ে গেছে। তবে সে জাহান্নাম না দেখলেও দোজখ দেখে ফেলেছে।’ এরপর ৩ আগস্ট রায়হান তার ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসে লেখেন, ‘দোজখ আর জাহান্নামে তফাত কী মাসুদ স্যার? ধন্যবাদ নোয়াখালীর...মানুষদের। তারা এমন নিকটভাবে আমার পাশে দাঁড়িয়েছে।’
জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার রাসেল বলেন, চাঁদাবাজি ও হত্যাসহ সব ঘটনার তদন্ত চলছে। ইতোমধ্যে আলোচিত হত্যা মামলার আসামিদের পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বড় সাজ্জাদের অনুসারীও রয়েছেন। বাকিরা নজরদারিতে রয়েছে।