ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৩ ২২:১৩ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩ ১১:৫৩ এএম
ছবি : প্রবা
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকালের মধ্যে এ প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।
জেলা নির্বাচন কর্মকর্তা ও উপনির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামী ১ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচন। এ আসনে ১৬ জন মনোয়নপত্র সংগ্রহ করেন। ১৩ জন জমা দিয়েছেন, তিনজন জমা দেননি। আগামী ৮ জানুয়ারি প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে।
যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি থেকে সদ্য পদত্যাগ করা উকিল আবদুস সাত্তার ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মঈন উদ্দিন, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা, সরাইল উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. আশরাফ উদ্দিন, বাংলাদেশ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম, সরাইল উপজেলার চুন্টা গ্রামের আবদুর রহিম, আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু আসিফ আহমেদ, মোহন মিয়া ও শাহ মফিজ।
এ ছাড়া জাতীয় পার্টি মনোনীত দলের যুগ্ম মহাসচিব আবদুল হামিদ ভাসানী, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মনোনীত মো. রাজ্জাক হোসেন এবং জাকের পার্টি মনোনীত জহিরুল ইসলাম মনোনয়নপত্র জমা দেন।
জাতীয় পার্টি থেকে প্রথমে মনোনয়ন পান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঞা। পরে দল থেকে প্রার্থী পরিবর্তন করে আবদুল হামিদকে মনোনয়ন দেওয়ায় রেজাউল মনোনয়নপত্র জমা দেননি। এ ছাড়া বাংলাদেশ আইন পরিষদের সভাপতি কামরুজ্জমান আনসারি ও ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দেননি।
উকিল আবদুস সাত্তার সর্বশেষ ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দলীয় সিদ্ধান্তে গত ১১ ডিসেম্বর তিনি সংসদ থেকে পদত্যাগ করেন। ফলে আসনটি শূন্য ঘোষণা করেন সংসদের স্পিকার। আসনটিতে আগামী ১ ফেব্রুয়ারি উপনির্বাচন হবে।