× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এলএনজি কার্গো আসেনি, চট্টগ্রামে অচলাবস্থা

তারাচরন টিপু, চট্টগ্রাম

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ ০৯:০৪ এএম

আপডেট : ২২ আগস্ট ২০২৬ ১১:০৬ এএম

চট্টগ্রাম বন্দর। ফাইল ছবি

চট্টগ্রাম বন্দর। ফাইল ছবি

সকাল ছয়টায় পাম্পের লাইনে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলেন সিএনজি অটোরিকশাচালক মো. বশির। দুপুর গড়িয়ে গেলেও গ্যাসের দেখা মেলেনি; ঘণ্টার পর ঘণ্টা লাইনে আটকে থেকে নষ্ট হয়েছে কর্মঘণ্টা, কমেছে দৈনিক আয়। বশিরের মতো চট্টগ্রামের লাখো মানুষের এখন নিত্যদিনের দুর্ভোগের নাম তীব্র গ্যাস সংকট।

ভিনদেশি এলএনজি কার্গো সময়মতো না আসায় চট্টগ্রাম অঞ্চলে দেখা দিয়েছে এই বড় ধরনের ঘাটতি। যার সরাসরি এবং নেতিবাচক প্রভাব পড়েছে বন্দরনগরীর পরিবহনব্যবস্থা, শিল্পকারখানা ও গৃহস্থালি কার্যক্রমে।

কেজিডিসিএল সূত্রে জানা গেছে, চট্টগ্রাম অঞ্চলে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় ৩৫০ মিলিয়ন ঘনফুট। জাতীয় গ্রিড থেকে এর বিপরীতে ২৪৬ মিলিয়ন ঘনফুট বরাদ্দ থাকার কথা থাকলেও বর্তমানে গড়ে পাওয়া যাচ্ছে মাত্র ১৭৩ মিলিয়ন ঘনফুট। অর্থাৎ চট্টগ্রামের দৈনিক চাহিদার তুলনায় বর্তমানে সরবরাহ হচ্ছে মাত্র ৪৯ দশমিক ৪ শতাংশ। ঘাটতি রয়েছে প্রায় ১৭৭ মিলিয়ন ঘনফুট, যা মোট চাহিদার প্রায় ৫০ দশমিক ৬ শতাংশ।

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বিদেশ থেকে এলএনজি বহনকারী জাহাজ বা কার্গো সময়মতো না আসার কারণেই মূলত এই সংকট তৈরি হয়েছে। তবে দুয়েক দিনের মধ্যে একটি এলএনজি কার্গো আসার কথা রয়েছে। সময়মতো কার্গো এসে পৌঁছলে রবিবার নাগাদ গ্যাস সংকট কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে।

পরিবহনে দুর্ভোগ ও বাড়তি ভাড়া

গ্যাস সংকটের সবচেয়ে বড় ধাক্কা লেগেছে নগরীর পরিবহন খাতে। কোতোয়ালি, ষোলশহর, জিইসি মোড় ও কর্ণফুলীর মইজ্জ্যারটেক এলাকার সিএনজি স্টেশনগুলোতে ভোর থেকে গভীর রাত পর্যন্ত তৈরি হচ্ছে যানবাহনের দীর্ঘ সারি। পাম্পগুলোতে গ্যাসের চাপ কম থাকায় মাঝেমধ্যে সরবরাহ বন্ধ রাখতে হয়। ফলে কখন গ্যাস মিলবে, তার নিশ্চয়তা না পেয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন চালকরা।

দীর্ঘ অপেক্ষার কারণে ট্রিপ কমে যাওয়ায় চালকদের আয় মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। এর সুযোগ নিয়ে কিছু চালকের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়েরও অভিযোগ উঠেছে। ব্যাংক কর্মকর্তা আতিফা ক্ষোভ প্রকাশ করে জানান, ‘বহদ্দারহাট থেকে আগ্রাবাদ ১২০ থেকে ১৪০ টাকা ভাড়া হতো। এখন চালকরা সরাসরি ৩০০ থেকে ৩২০ টাকা দাবি করছেন। এই সুযোগসন্ধানী চালকদের কাছে আমরা জিম্মি হয়ে পড়েছি।’

শিল্পে উৎপাদন হ্রাস ও গৃহস্থালিতে হাহাকার

শুধু পরিবহন খাত নয়, গ্যাস সংকটের গুরুতর প্রভাব পড়েছে চট্টগ্রামের শিল্পকারখানাগুলোতেও। গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় অনেক কারখানায় উৎপাদন মারাত্মকভাবে কমে গেছে, আবার কোথাও কোথাও উৎপাদন সম্পূর্ণ বন্ধ রাখতে হয়েছে। পাশাপাশি গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনও ব্যাহত হচ্ছে।

অন্যদিকে, নগরীর বাসাবাড়ির চিত্র আরও শোচনীয়। বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ এতটাই কমে গেছে যে চুলা ঠিকমতো জ্বলছে না। কাতালগঞ্জ এলাকার বাসিন্দা আসমা আক্তার বলেন, ‘সকাল হলেই চিন্তা করতে হয় রান্নাঘরে গ্যাস থাকবে কি না। নিভু নিভু করে চুলা জ্বলে, কখনও একদমই থাকে না। বাধ্য হয়ে বিকল্প উপয়ে রান্না করতে হয়, সকালে বাচ্চাকেও সময়মতো টিফিন দিতে পারি না।’

কবে কাটবে সংকট

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) উপ-মহাব্যবস্থাপক (বিতরণ উত্তর) প্রকৌশলী মোহাম্মদ রফিক খান জানান, বর্তমানে চাহিদার তুলনায় গ্যাসের সরবরাহ অনেক কম। বরাদ্দকৃত ২৪৬ মিলিয়নের জায়গায় পাওয়া যাচ্ছে ১৭৩ মিলিয়ন ঘনফুট। সরবরাহ বাড়ানোর চেষ্টা চলছে, তবে পরিস্থিতি কবে নাগাদ পুরোপুরি স্বাভাবিক হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো সময় জানাতে পারেননি তিনি।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা