চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২১ আগস্ট ২০২৬ ২২:৪৯ পিএম
চট্টগ্রামে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫টি সোনার চুড়ি উদ্ধার করেছে পুলিশ। ছবি: পুলিশের সৌজন্যে
চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫টি সোনার চুড়ি উদ্ধার করেছে পুলিশ, যার মোট ওজন ৯৯ ভরি ৪ আনা ৫ রত্তি।
শুক্রবার বিকালে নগর পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই প্রতিষ্ঠানের বিক্রয়কর্মীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৮ থেকে ২০ আগস্ট পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন রোমেন দে, শ্যামল সিংহ, লিটন মহাজন, পার্থ মহাজন, জয় দে প্রকাশ বাবু, রুবেল মহাজন ও সাগর কারিগর।
পুলিশ জানায়, পাঁচলাইশ থানার প্রবর্তক মোড় সংলগ্ন মিমি সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ‘নিউ কনক বাহার জুয়েলার্স’-এ ১২-১৩ বছর ধরে সেলসম্যান হিসেবে কাজ করতেন রোমেন দে। গত ১৪ আগস্ট দুপুরে দোকানের কর্মচারীরা সোনার অলংকারের মজুদ যাচাই করতে গিয়ে অসঙ্গতি দেখতে পেয়ে মালিককে জানান। বিষয়টি টের পেয়ে রোমেন দে ওয়াশরুমে যাওয়ার কথা বলে কৌশলে দোকান থেকে পালিয়ে যান। এ ঘটনায় ১৫ আগস্ট পাঁচলাইশ মডেল থানায় মামলা করেন দোকানের মালিক। মামলায় দণ্ডবিধির ৪০৮, ৪২০ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই শওকত ইমাম তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮ আগস্ট রাত ২টার দিকে সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকা থেকে রোমেন দেকে গ্রেপ্তার করেন।
পরে রিমান্ডে জিজ্ঞাসাবাদে রোমেন দে জানান, আত্মসাৎ করা চুড়িগুলো বিভিন্ন জুয়েলারি দোকান ও বন্ধকী ব্যবসায়ীর কাছে রাখা হয়েছে। ওই তথ্যের ভিত্তিতে ১৯ আগস্ট রাতে বোয়ালখালীর কানুনগোপাড়া এলাকা থেকে শ্যামল সিংহকে গ্রেপ্তার করে পুলিশ। শ্যামল সিংহের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার অন্যান্য জুয়েলারি দোকান থেকে সোনাসহ বাকিদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনায় আরও কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।