× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জট খুলল ক্লুলেস হত্যার

নারীকে ধর্ষণ শেষে কোলের শিশুসহ হত্যা, খুনি গ্রেপ্তার

শিবচর (মাদারীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬ ২১:২৬ পিএম

মাদারীপুরের শিবচরে হত্যার ঘটনায় বৃহস্পতিবার রাতে কথিত সাংবাদিক ফারুক হোসেনকে রাজৈর থেকে গ্রেপ্তার করে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মাদারীপুরের শিবচরে হত্যার ঘটনায় বৃহস্পতিবার রাতে কথিত সাংবাদিক ফারুক হোসেনকে রাজৈর থেকে গ্রেপ্তার করে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মাদারীপুরের শিবচরে চাঞ্চল্যকর এক নারী হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ ক্লুলেস এই হত্যার ঘটনায় কথিত এক সাংবাদিককে গ্রেপ্তারের পর জানতে পারে স্বর্ণালংকার হাতিয়ে নিতে ওই নারীকে নিজ বাসায় ডেকে ধর্ষণ শেষে হত্যা করে লাশ পরিত্যক্ত একটি স্থানে ফেলে রাখে খুনি।

এ সময় নিহত নারীর এক বছরের শিশুকে গলাটিপে হত্যা শেষে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সূর্যনগর এলাকায় আড়িয়াল খাঁ নদে ফেলে দেয় খুনি। এ ঘটনার কঠোর বিচার দাবি করেছে পরিবার ও এলাকাবাসী।

পুলিশ জানায়, গত ১৯ আগস্ট মাদারীপুরের শিবচর উপজেলার বাখরেরকান্দি এলাকায় পরিত্যক্ত স্থানে এক নারীর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা লাশটি উদ্ধার করে। নিহতের পরিচয় খুঁজতে গিয়ে পরে পুলিশ জানতে পারে নিহত নারীর নাম শাম্পা খাতুন (২৮)। নাটোরের লালপুর উপজেলার আট্রিকা গ্রামের ছামরুল ইসলামের মেয়ে তিনি। প্রায় তিন বছর আগে মাদারীপুরের বড় মেহের এলাকার শাহাবুদ্দিন হাওলাদারের সঙ্গে তার বিয়ে হয়। তার আবির নামের এক বছরের একটি ছেলেও রয়েছে। একটি মামলায় তার স্বামী শাহাবুদ্দিন জেলা কারাগারে।

পুলিশ নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করলে নিহতের বাবা বাদি হয়ে গত ২০ আগস্ট শিবচর থানায় একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ ও র‌্যাব এই ক্লুলেস হত্যার তদন্তে মাঠে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ গত বৃহস্পতিবার রাতেই কথিত সাংবাদিক ফারুক হোসেনকে রাজৈর থেকে গ্রেপ্তার করে। ফারুক সাংবাদিক পরিচয়ে বাখরেরকান্দি এলাকায় ভাড়া বাসায় থাকত। কয়েক মাস আগে গাড়ি চুরির ঘটনায় পুলিশ তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়ে ছিল। বর্তমানে সে জামিনে রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক জানায়, মাদারীপুর আদালত চত্বরে পরিচয়ের সূত্র ধরে ১৮ তারিখ শম্পাকে নিজ বাসায় ডেকে আনেন তিনি। পরে রাতে শম্পাকে ধর্ষণ শেষে হত্যা করে তার কাছে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা হাতিয়ে নিয়ে লাশ একই এলাকার একটি পরিত্যক্ত স্থানে ফেলে রাখেন। শম্পার শিশু সন্তান আবিরকে গলাটিপে হত্যার পর লাশ আড়িয়াল খাঁ নদে ফেলে দেন। তার স্বীকারোক্তি মোতাবেক গতকাল শুক্রবার দুপুরে পুলিশ, র‌্যাব ও ফায়ার সার্ভিস সদস্যরা আড়িয়াল খাঁ নদে তল্লাশি চালিয়ে শিশু আবিরের লাশ উদ্ধার করতে ব্যর্থ হয়। তবে উদ্ধার অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন তারা। আর এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ। ফারুকের বাসা থেকে নিহতের স্বর্ণের নাকফুল, রুপার গলার চেন, একজোড়া জুতা ও পোড়ানো অবস্থায় ওড়না উদ্ধার করেছে পুলিশ।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর বলেন, শিশুটির লাশ নদীতে ফেলার পর দু-তিন দিন সময় পার হয়েছে। আর নদীতে স্রোতও রয়েছে। আমরা ব্যাপক তল্লাশি চালিয়েও লাশটি উদ্ধার করতে পারিনি।

শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার সালাহ উদ্দিন কাদের বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। শিশুটির মরদেহ উদ্ধারে অভিযান চলছে। হত্যার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা