মহিউদ্দিন আহাম্মেদ, মাধবপুর (হবিগঞ্জ)
প্রকাশ : ২১ আগস্ট ২০২৬ ২১:২২ পিএম
অ্যাডভোকেট সাইফুল ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমানোর প্রস্তুতি নিয়েছিলেন ২২৫ শিক্ষার্থী। কেউ পরিবারের সঞ্চয়ের টাকা, কেউ ঋণ করে আবার কেউ জমি বন্ধক রেখে জোগাড় করেছিলেন শিক্ষার খরচ।
কিন্তু বিশ্ববিদ্যালয়ের দেউলিয়া প্রক্রিয়ায় আটকে গেছে তাদের সেই স্বপ্নের অর্থ। সেই অর্থ ফেরতে আইনি লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার সিউলে যাচ্ছেন মাধবপুরের অ্যাডভোকেট সাইফুল ইসলাম।
২৩ আগস্ট ঢাকা থেকে সিউলের উদ্দেশে রওনা হবেন উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের দাসপাড়া গ্রামের এই আইনজীবী। ইউ কেয়ার এডুকেশন কনসালট্যান্সি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শে শিক্ষার্থীদের পক্ষে এ আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ভুক্তভোগী ২২৫ শিক্ষার্থীর মধ্যে ১৯৪ জন বাংলাদেশি, ২৮ জন নেপালি ও ৩ জন পাকিস্তানি। তারা দক্ষিণ কোরিয়ার সিংইয়ংজু বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রোগ্রামে ভর্তির জন্য মোট ১,৬০৪,২৫০,০০০ কোরিয়ান ওন টিউশন ফি জমা দেন। কিন্তু ভিসা পাওয়ার ক্ষেত্রে দেখা দেয় বিপত্তি। প্রয়োজনীয় কাগজপত্র বিশ্ববিদ্যালয় সময়মতো জমা না দেওয়ায় শিক্ষার্থীদের ভিসা প্রত্যাখ্যাত হয়। অথচ বিশ্ববিদ্যালয়ের দেওয়া অফার লেটারে উল্লেখ ছিল, ভিসা না হলে ৯০ দিনের মধ্যে টিউশন ফি ফেরত দেওয়া হবে।
শিক্ষার্থীদের অভিযোগ, নির্ধারিত সময় পার হয়ে গেলেও তাদের টাকা ফেরত দেওয়া হয়নি। এরই মধ্যে বিশ্ববিদ্যালয় দেউলিয়া হওয়ার আইনি প্রক্রিয়ায় যাওয়ায় আটকে পড়া অর্থ ফেরত পাওয়া নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়।
এই ২২৫ শিক্ষার্থীর অধিকাংশই মধ্যবিত্ত পরিবারের সন্তান। বছরের পর বছর সঞ্চয় করে, ব্যাংক বা ব্যক্তিগতভাবে ঋণ নিয়ে, এমনকি জমি বন্ধক রেখে তারা উচ্চশিক্ষার স্বপ্নে দক্ষিণ কোরিয়ায় যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। এখন সেই টাকা আটকে যাওয়ায় অনেকের পরিবার পড়েছে চরম আর্থিক সংকটে।
অ্যাডভোকেট সাইফুল ইসলাম জানান, অফার লেটার অনুযায়ী ভিসা না হলে ৯০ দিনের মধ্যে শিক্ষার্থীদের টিউশন ফি ফেরত দেওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পার হলেও অর্থ ফেরত দেওয়া হয়নি।
তিনি জানান, আগামী ২৮ আগস্টের মধ্যে কোরিয়ার উপযুক্ত আদালতে শিক্ষার্থীদের পাওনার দাবি দাখিলের প্রস্তুতি নেওয়া হয়েছে। কোরিয়ায় স্থানীয় আইনজীবী নিয়োগসহ প্রয়োজনীয় সহযোগিতা করছে ইউ কেয়ার এডুকেশন কনসালট্যান্সি। যথাসময়ে ক্লেইম দাখিল করতে পারলে শিক্ষার্থীরা তাদের পুরো টাকা ফেরত পাবেন বলে আশাবাদী।