হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৬ ২১:১৯ পিএম
ময়মনসিংহের হালুয়াঘাটে পাচারের সময় একটি বাজারের ব্যাগ থেকে বিপন্ন প্রজাতির দুটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ময়মনসিংহের হালুয়াঘাটে পাচারের সময় একটি বাজারের ব্যাগ থেকে বিপন্ন প্রজাতির দুটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার বিকালে হালুয়াঘাট-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন পরিদর্শক অসীম মল্লিক অভিযানটি পরিচালনা করেন।
বন অধিদপ্তর সূত্রে জানা যায়, হালুয়াঘাট-ময়মনসিংহ সড়ক দিয়ে যাত্রীবাহী বাসে করে দুটি বন্যপ্রাণী পাচার করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে গতকাল বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের একটি দল।
তাদের উপস্থিতি বুঝতে পেরে পাচারকারীরা একটি বাজারের ব্যাগে থাকা বানর দুটিকে বাসস্ট্যান্ডের পাশের একটি পরিত্যক্ত ঘরের সামনে ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় ব্যাগটি উদ্ধার করে ভেতরে থাকা দুটি লজ্জাবতী বানরকে জীবিত উদ্ধার করা হয়।
এ বিষয়ে বন পরিদর্শক অসীম মল্লিক জানান, বন্যপ্রাণী ধরা, পাচার কিংবা কেনাবেচা করা সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ। হালুয়াঘাট ভারত-সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে এ ধরনের পাচার রোধে নজরদারি বাড়ানো হয়েছে।