নুর রহমান তুষার, ধর্মপাশা (সুনামগঞ্জ)
প্রকাশ : ২১ আগস্ট ২০২৬ ২১:১১ পিএম
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ বাজার এলাকায় বৌলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ময়লার স্তূপ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ বাজার এলাকায় বৌলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ময়লার স্তূপ। এতে শিক্ষার্থী, শিক্ষক, পথচারী ও স্থানীয়দের ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্থানীয়দের ভাষ্য, বিদ্যালয়ের সামনে ময়লার স্তূপের মাত্র কয়েক হাত দূরেই মসজিদ। পাশাপাশি এই রাস্তা দিয়ে প্রতিদিন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন। ফলে বাজারের ময়লার স্তূপের কারণে স্বাস্থ্যঝুঁকি বেড়েছে।
স্থানীয়রা জানান, বাজারের বিভিন্ন দোকান ও বাসাবাড়ির বর্জ্য নির্দিষ্ট স্থানে না ফেলে রাস্তার পাশে ফেলা হচ্ছে। বৃষ্টির সময় ময়লা-আবর্জনা ছড়িয়ে পড়ে পরিবেশ আরও নোংরা করে তোলে।
শিক্ষার্থীর অভিভাবকদের অভিযোগ, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এমন পরিবেশ কোনোভাবেই কাম্য নয়। শিশুদের প্রতিদিন দুর্গন্ধ ও ময়লার পাশ দিয়ে স্কুলে যাতায়াত করতে হচ্ছে। একই সঙ্গে মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিদেরও পোহাতে হচ্ছে দুর্ভোগ।
এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ময়লার স্তূপ অপসারণ করে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার ব্যবস্থা করুক। পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম ও ময়লা ফেলার ওপর নিয়মিত কঠোর নজরদারি দরকার। তাহলেই বাদশাগঞ্জ বাজারের পরিবেশ উন্নত হবে।
স্থানীয়দের প্রত্যাশা, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে যাতে স্বাচ্ছন্দে চলা যায় তার ব্যবস্থা করতে হবে। স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনার উদ্যোগ জরুরি।
বৌলাম সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন রশীদ বলেন, এই রাস্তাটি গুরুত্বপূর্ণ। এটি দিয়ে স্কুলের বাচ্চাসহ বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি উচ্চ বিদ্যালয়, কলেজের শত শত শিক্ষার্থী আসা যাওয়া করে। পাশাপাশি কয়েক হাত দূরে মসজিদের মুসল্লি এবং পথচারীদের যাতায়াত এই রাস্তা দিয়ে। ময়লার স্তূপের দুর্গন্ধে বমি আসার উপক্রম হয়। বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি শাহজাহান মিয়া বলেন, স্কুল এবং মসজিদের সামনে ময়লার স্তূপ যা খুবই দুঃখজনক। এই সমস্যার স্থায়ী সমাধান প্রয়োজন। আর এই সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে উপজেলা প্রশাসনকে।
ধর্মপাশা উপজেলা ইউএনও জনি রায় বলেন, স্কুল এবং মসজিদের সামনে এরকম ময়লার স্তূপ থাকা ঠিক না। এটি অবশ্যই পরিবেশ দূষণ করে। আমি দেখি কি করা যায়।