কয়রা
মোস্তাফিজুর রহমান, কয়রা (খুলনা)
প্রকাশ : ২১ আগস্ট ২০২৬ ১৬:৫৬ পিএম
উপকূলীয় উপজেলা কয়রার বিস্তৃত মাঠে সংকট কাটাতে নতুন আশার আলো দেখাচ্ছে ধান, মাছ ও সবজির সমন্বিত আধুনিক চাষপদ্ধতি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
উপকূলীয় উপজেলা কয়রার বিস্তৃত মাঠে একসময় বাতাসে দুলত সোনারঙা ধানের শিষ। তবে বিগত কয়েক দশকে সে চিত্র বদলে আধিপত্য বিস্তার করেছে বাগদা চিংড়ির লোনা পানির ঘের।
কয়রার মোট আবাদযোগ্য জমির পরিমাণ ৫২,৭৪১ একর (প্রায় ২১,৩৪৪ হেক্টর)। সরকারি হিসাব অনুযায়ী এর প্রায় এক-তৃতীয়াংশ জমিই এখন লোনা ঘেরের দখলে।
বছরের পর বছর জমিতে স্থায়ীভাবে লোনা পানি আটকে রাখায় মাটির স্বাভাবিক উর্বরতা নষ্ট হচ্ছে। বিপন্ন হয়ে পড়ছে খাদ্য নিরাপত্তা, গবাদিপশু ও সুপেয় পানির উৎস। তবে এই সংকট কাটাতে নতুন আশার আলো দেখাচ্ছে ধান, মাছ ও সবজির সমন্বিত আধুনিক চাষপদ্ধতি।
কৃষি ও ঘেরের চিত্র
উপজেলা কৃষি দপ্তরের তথ্যমতে, কয়রায় মোট চাষযোগ্য জমি ১৮ হাজার হেক্টর। এর মধ্যে খরিপ-১ মৌসুমে মাত্র ১ হাজার হেক্টরে সবজি এবং খরিপ-২ মৌসুমে রেকর্ড ১৭ হাজার হেক্টরে রোপা-আমন চাষ হয়। বিপরীতে উপজেলা মৎস্য দপ্তরের হিসাবে, নোনা পানির ঘের রয়েছে ৫৮০০ হেক্টরে, মিষ্টি পানির ঘের ৫৭৮ হেক্টরে এবং আধুনিক সমন্বিত চাষ হচ্ছে মাত্র ৩৮০ হেক্টর জমিতে।
লোনা ঘের বনাম সমন্বিত চাষের হিসাব
মাঠপর্যায়ের তথ্য বিশ্লেষণে দেখা যায়, এক ফসলি লোনা ঘেরের চেয়ে সমন্বিত চাষ কৃষকদের জন্য সুফল বয়ে আনবে। এতে বহুগুণ লাভ হবে। ১ বিঘা জমিতে শুধু বাগদা চিংড়ি চাষ করলে বছরে নিট লাভ থাকে প্রায় ১ লাখ টাকা। তবে এতে রোগ ও দুর্যোগের ঝুঁকি বেশি থাকে। আর মূল মুনাফা চলে যায় বড় ব্যবসায়ীদের পকেটে। এর বিপরীতে ১ বিঘা জমিতে সমন্বিতভাবে ধান, গলদা মাছ ও আইলে শাকসবজি চাষ করলে খরচ বাদ দিয়ে লাভ দাঁড়ায় প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা। এতে দিনমজুর ও প্রান্তিক কৃষকদের ব্যাপক কর্মসংস্থান হয়।
পানবাড়ি গ্রামের সফল কৃষক ইয়াসিন আলী বলেন, কৃষি দপ্তরের সহযোগিতায় ঘেরে মাছের সঙ্গে আইলে আগাম সবজি চাষ করছি। লোকসানের ঝুঁকি নেই, বরং দ্বিগুণ লাভ হচ্ছে।
স্থায়ী নোনা পানির ক্ষতিকর প্রভাব
দীর্ঘদিন নোনা পানি আটকে রাখায় কয়রার মাটির ইলেকট্রিকাল কন্ডাক্টিভিটি মাত্রা মারাত্মকভাবে বেড়ে গেছে। লোনা পানির প্রভাবে আম, সুপারি ও ফলদ বৃক্ষ মরে সাফ হচ্ছে, দেখা দিয়েছে গো-খাদ্যের চরম সংকট। লোনা ঘেরের পানি পাশের ধানের জমিতে ঢোকা কারণে কৃষকরাও আবাদ করতে পারছেন না। সদরের কৃষক রহিম গাজী ক্ষোভ জানিয়ে বলেন, চারদিকে লোনা পানি। মিষ্টি পানির অভাবে না পারছি ভালো ধান চাষ করতে, না পারছি বাড়িতে গরু-ছাগল পালতে।
প্রতিনিধি ও কর্মকর্তাদের মতামত
কয়রা সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুৎফর রহমান বলেন, অপরিকল্পিত লোনা পানিতে এলাকার আবাদি জমি ও সুপেয় পানির ভীষণ ক্ষতি হচ্ছে। নির্দিষ্ট এলকা ঠিক করে লোনা পানি নিয়ন্ত্রণ ও সমন্বিত চাষ ছড়ানো দরকার।
উপজেলা কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ বলেন, সারা বছর লোনা পানি না রেখে বৃষ্টি ও মিষ্টি পানিতে লবণের মাত্রা ধুয়ে নেওয়া গেলে উর্বরতা ফিরবে। ব্রি ধান-৬৭ ও ৯৭ কয়রার মাটিতে বেশ সফল।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার জানান, একমুখী লোনা ঘেরের নির্ভরতা কমিয়ে আমরা ৩৮০ হেক্টরের সমন্বিত চাষ বহুগুণ বাড়ানোর পরিকল্পনা করছি।
কয়রার টেকসই কৃষির জন্য অবাধে লোনা পানি ঢোকানো বন্ধে কঠোর আইনি জোন নির্ধারণ করা দরকার। সমন্বিত চাষ ছড়িয়ে দিতে পারলে রুপালি চিংড়ির পাশাপাশি সবুজ কৃষির সেই পুরনো সমৃদ্ধি ফিরে পাবে কয়রা।