ইসলামী যুব আন্দোলনের নেতা হত্যা
নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ২১ আগস্ট ২০২৬ ১৬:০৪ পিএম
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নেতাকে হত্যার প্রতিবাদে নেতা-কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন এবং অভিযুক্ত সিফাত বাহিনীর প্রধান শেখ সিফাতসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নেতা বুলবুল আহমেদকে হত্যার অভিযোগে কিশোর অপরাধী দল সিফাত বাহিনীর প্রধান শেখ সিফাতসহ ৯ জনকে আটক করেছে পুলিশ।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন শুক্রবার সকাল সাড়ে ১০টায় এ তথ্য জানিয়ে বলেন, সিফাত ছাড়াও তার বাহিনীর অন্যতম সদস্য হোয়াইট জুম্মনকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে তিনজন নারীও রয়েছেন। তবে বাকিদের নাম-পরিচয় বিস্তারিত জানায়নি পুলিশ।
এদিকে এ হত্যাকাণ্ডের প্রতিবাদে সকাল ৯টার দিকে বন্দরের মদনপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সংগঠনটির নেতা-কর্মীরা। এতে মহসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার যানজট দেখা দেয় বলে জানিয়ে কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম শেখ বলেন, দেড় ঘণ্টা অবরোধের পর বেলা পৌনে ১১টার দিকে তারা অবরোধ তুলে নেন।
এর আগে বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ এক হামলায় খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে।
বন্দরের এ অংশটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন। বুলবুল ইসলামী যুব আন্দোলনের বন্দর থানা (পশ্চিম) শাখার যুগ্ম সম্পাদক ছিলেন বলে জানিয়েছেন ইসলামী আন্দোলনের নারায়ণগঞ্জ মহানগরের সহসভাপতি মুফতি মাছুম বিল্লাহ।
তিনি আরও অভিযোগ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বুলবুলের গ্যারেজে হামলা ও লুটপাট হয়। ওই ঘটনায় পর মামলা করেন বুলবুল। মামলায় স্থানীয় কিশোর গ্যাং লিডার শেখ সিফাত ও তার বাহিনীর সদস্যদের আসামি করা হয়। সেই মামলার জেরেই সালেহনগর এলাকায় সিফাত ও তার বাহিনীর সদস্যরা বুলবুলের ওপর হামলা চালায়।