× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষা নিতে জীবনের ঝুঁকি

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিবেদক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬ ১৫:৫৩ পিএম

বিদ্যালয়ে যেতে জীবনের ঝুঁকি নিয়ে কলাগাছের ভেলায় উঠতে হচ্ছে শিশু শিক্ষার্থীদের। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিদ্যালয়ে যেতে জীবনের ঝুঁকি নিয়ে কলাগাছের ভেলায় উঠতে হচ্ছে শিশু শিক্ষার্থীদের। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

লালমনিরহাটের পাটগ্রামে বিদ্যালয়ে যেতে জীবনের ঝুঁকি নিয়ে কলাগাছের ভেলা ও নৌকায় নদী পার হতে হচ্ছে কয়েকটি গ্রামের শিশু শিক্ষার্থীদের।

উপজেলার কুচলীবাড়ি ইউনিয়নের সমশেরনগর এলাকায় সিংগীমারী নদীর ওপর সেতু না থাকায় যুগের পর যুগ ধরে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের

সকাল হলেই বই-খাতা বুকে চেপে শিশু শিক্ষার্থীদের নদী পার হতে হয় ভেলা কিংবা নৌকায়। বর্ষাকালে নদীতে পানি ও স্রোত বেড়ে যাওয়ায় এ পারাপার হয়ে ওঠে আরও ঝুঁকিপূর্ণ।

স্থানীয়রা জানান, সামান্য অসাবধানতা কিংবা প্রাকৃতিক দুর্যোগে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এ কারণে অনেক অভিভাবক সন্তানদের স্কুলে পাঠাতেও ভয় পান। তারপরও শিক্ষার প্রতি আগ্রহ ও ভবিষ্যৎ গড়ার স্বপ্নে ঝুঁকি নিয়েই নদী পার হচ্ছে শিক্ষার্থীরা।

ভুক্তভোগী স্কুলছাত্রী মোহনা আক্তার বলেন, “প্রতিদিন স্কুলে যাতায়াত করতে আমাদের অনেক ভোগান্তিতে পড়তে হয়। অনেক সময় বই-খাতা পানিতে ভিজে যায়, স্কুলের পোশাকও নষ্ট হয়। এখানে একটি ব্রিজ নির্মাণ করা হলে আমাদের অনেক সুবিধা হতো। সরকারের কাছে আমাদের একটাই দাবি-দ্রুত একটি ব্রিজ নির্মাণ করা হোক।”

শুধু শিক্ষার্থীরাই নয়, সেতুর অভাবে চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষও। কেউ হঠাৎ অসুস্থ হলে কিংবা গর্ভবতী নারীকে দ্রুত হাসপাতালে নিতে হলে পোহাতে হয় চরম দুর্ভোগ। এলাকায় আগুন লাগলেও ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছানোর সুযোগ নেই। পাশাপাশি কৃষকদের উৎপাদিত পণ্য বাজারজাত করতেও নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে।

স্থানীয় স্কুল শিক্ষিকা রহিমা বেগম বলেন, “নদীর ওপারে আমার বাসা। প্রতিদিন স্কুলে আসার সময় নৌকা বা ভেলাই আমাদের একমাত্র ভরসা। কেউ অসুস্থ হলে রোগীকে খাটিয়ায় করে হাসপাতালে নিতে হয়। ছোট ছোট বাচ্চারা যখন নদী পার হয়, তখন আমরা আতঙ্কে থাকি। স্বাধীনতার পর থেকেই এভাবে নৌকা ও কলাগাছের ভেলার ওপর নির্ভর করে চলতে হচ্ছে। ভেলা বা নৌকার অপেক্ষায় অনেক সময় স্কুলে আসতে দেরি হয়। আমরা এই দুর্ভোগ থেকে দ্রুত মুক্তি চাই।”

স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও ভোট শেষ হলে সেই প্রতিশ্রুতির কথা আর মনে থাকে না। এভাবেই যুগের পর যুগ ধরে সেতুর অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন তারা।

দীর্ঘদিনের এই জনদুর্ভোগের বিষয়টি এবার উপজেলা প্রশাসনের নজরে এসেছে। দ্রুত সেতু নির্মাণের আশ্বাস দিয়েছেন পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) দীবজন মিত্র।

তিনি বলেন, “কুচলীবাড়ি ইউনিয়নের ওই এলাকার মানুষকে নদী পার হয়ে এপারে আসতে হয়। সেখানে একটি ব্রিজ খুবই প্রয়োজন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু পাটগ্রাম উপজেলায় এসে বিষয়টি অবগত হয়েছেন। উপজেলা প্রকৌশলীসহ কারিগরি টিম খুব দ্রুত স্থানটি পরিদর্শন করবে। জরুরি ভিত্তিতে প্রকল্প গ্রহণ করে দ্রুততম সময়ের মধ্যে ব্রিজটি বাস্তবায়নের চেষ্টা করা হবে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা