× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রাহ্মণবাড়িয়ায় সড়কের কাজ ফেলে উধাও ঠিকাদার, দুর্ভোগে মানুষ

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬ ১৩:৪৬ পিএম

সংস্কারাধীন কসবা-আখাউড়া সড়ক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সংস্কারাধীন কসবা-আখাউড়া সড়ক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলার মানুষের গুরুত্বপূর্ণ যোগাযোগপথ কসবা-আখাউড়া সড়কের সংস্কারকাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। 

সংস্কারের জন্য পুরোনো সড়ক তুলে ফেলার পর ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ গুটিয়ে নেওয়ায় বৃষ্টিতে বিভিন্ন অংশে কাদা-পানি জমে যান চলাচল কঠিন হয়ে পড়েছে।

সড়কটির কসবা অংশে গত মে মাসে সংস্কারকাজ শুরু হয়। কাজ শুরুর পর পুরোনো সড়কের বিভিন্ন অংশ তুলে ফেলা হলেও পরে কার্যক্রম অনেকটাই থেমে যায়। ফলে সংস্কারের সুফল পাওয়ার বদলে উল্টো ভোগান্তি বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

এলজিইডি সূত্রে জানা গেছে, রুরাল কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট-এর আওতায় কসবা অংশের প্রায় সাত কিলোমিটার এবং আখাউড়া অংশের চার কিলোমিটারসহ মোট ১৩ কিলোমিটার সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। এ জন্য ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি ২৩ লাখ ৯৬ হাজার টাকা।

দরপত্রের মাধ্যমে কাজটি পায় কিশোরগঞ্জের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মমিনুল এন্টারপ্রাইজ।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন বেহাল থাকার পর সংস্কারকাজ শুরু হওয়ায় তারা আশাবাদী হয়েছিলেন। কিন্তু পুরোনো সড়ক তুলে ফেলার পর কাজ দ্রুত শেষ না হওয়ায় এখন চলাচলে আগের চেয়েও বেশি সমস্যা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও সময় পেরিয়ে গেলেও সড়কটি পুরোপুরি চলাচলের উপযোগী হয়নি।

বিশেষ করে বর্ষা শুরু হওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। সড়কের বিভিন্ন স্থানে পানি ও কাদা জমে থাকায় সিএনজি অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা ও অন্যান্য যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী ও সাধারণ যাত্রীদের প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এদিকে চাপিয়া এলাকায় কালভার্ট নির্মাণের জন্য তৈরি করা ডাইভারশন সড়ক নিয়েও ভোগান্তির শেষ নেই। কয়েক দফা ডাইভারশন ভেঙে যাওয়ায় ওই পথে যান চলাচল ব্যাহত হয়েছে। পরে মেরামত করা হলেও বৃষ্টির সময় সেখানে ফের সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

সড়কের কাজের বর্তমান অবস্থা জানতে উপজেলা এলজিইডি কার্যালয়ে যোগাযোগ করা হলে উপজেলা প্রকৌশলী মাজহারুল হক আখন্দ বলেন, প্রাথমিক পর্যায়ের কাজের মেয়াদ এ বছরের জুলাইয়ে শেষ হয়েছে। তবে কাজ এখনও কাঙ্ক্ষিত গতিতে এগোয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, কাজ বন্ধ থাকার বিষয়টি যদি কর্তৃপক্ষের জানা থাকে, তাহলে শুধু চিঠি দেওয়ার মধ্যে কার্যক্রম সীমাবদ্ধ কেন? গুরুত্বপূর্ণ এই সড়ক দ্রুত সচল করতে ঠিকাদারকে কাজে ফেরাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না কেন-এমন প্রশ্নও তুলেছেন তারা।

তাদের দাবি, শুধু চিঠি দিয়ে দায়িত্ব শেষ না করে কাজ বন্ধ থাকার কারণ খুঁজে বের করতে হবে। প্রয়োজনে চুক্তির শর্ত অনুযায়ী ব্যবস্থা নিয়ে দ্রুত সংস্কারকাজ শুরু করতে হবে। পাশাপাশি বর্ষাকালে মানুষের চলাচল নির্বিঘ্ন রাখতে ক্ষতিগ্রস্ত অংশগুলো সাময়িকভাবে মেরামতেরও দাবি জানিয়েছেন স্থানীয়রা।

দুই উপজেলার মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কের কাজ দ্রুত শেষ না হলে দুর্ভোগ আরও দীর্ঘায়িত হবে বলে আশঙ্কা এলাকাবাসীর।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা