× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৮০ কোটি টাকার প্রকল্প

তিস্তা তীর সংরক্ষণে ব্যাপক অনিয়ম, তদন্তের দাবি

হাবিবুর রহমান হাবীব, রাজারহাট (কুড়িগ্রাম)

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬ ১৩:২৭ পিএম

আপডেট : ২১ আগস্ট ২০২৬ ১৩:২৯ পিএম

তিস্তায় ভাঙনপ্রবণ এলাকা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

তিস্তায় ভাঙনপ্রবণ এলাকা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

তিস্তার ভয়াবহ ভাঙন থেকে জনপদ রক্ষায় কুড়িগ্রামের রাজারহাট ও উলিপুর উপজেলায় প্রায় ৮০ কোটি টাকা ব্যয়ে ৪১টি প্যাকেজে নদীতীর সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের কাজ চলছে। 

তবে প্রকল্পের উল্লেখযোগ্যসংখ্যক প্যাকেজের কাজ একজন সাব-ঠিকাদারের মাধ্যমে পরিচালিত হওয়ার অভিযোগ উঠেছে। মূল ঠিকাদাররা কমিশনের বিনিময়ে কাজ ছেড়ে দেওয়ায় অনেক ক্ষেত্রে সঠিকভাবে তদারকি করা হচ্ছে না বলেও অভিযোগ স্থানীয়দের।

স্থানীয়দের অভিযোগ, এতে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, কাজের ধীরগতি এবং সরকারি টাকার সঠিক ব্যবহার নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

যদিও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, অনুমোদিত কোনো সাব-ঠিকাদার নেই। মূল ঠিকাদারদের সঙ্গেই তাদের চুক্তি হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, তিস্তার ভাঙন ঠেকাতে রাজারহাট ও উলিপুর উপজেলার প্রায় ১৪ দশমিক ৫ কিলোমিটার এলাকায় পূর্ব সতর্কতামূলক নদীতীর সংরক্ষণ প্রকল্পের আওতায় কাজ চলছে। বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে পৃথক প্যাকেজে কাজ বরাদ্দ দেওয়া হলেও অভিযোগ রয়েছে, বাস্তবে এসব কাজের বড় একটি অংশ পরিচালনা করছেন আবদুস ছালাম নামের এক ব্যক্তি।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে সাব-ঠিকাদারি কার্যক্রমের সঙ্গে যুক্ত আবদুস ছালাম বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের হয়ে একাধিক প্যাকেজের কাজ পরিচালনা করছেন। সরকার পরিবর্তনের পরও তিনি একইভাবে কাজের নিয়ন্ত্রণ ধরে রেখেছেন বলে অভিযোগ রয়েছে।

নদীতীরবর্তী বাসিন্দারা বলছেন, একজন ব্যক্তির মাধ্যমে অধিকাংশ কাজ পরিচালিত হওয়ায় প্রকল্পের স্বচ্ছতা ও মান নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। নির্ধারিত সময় পার হলেও ভাঙনপ্রবণ কয়েকটি এলাকায় এখনও জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ শেষ হয়নি। পাশাপাশি জরুরি ভিত্তিতে নদীভাঙন প্রতিরোধে নেওয়া একাধিক কাজও একই ব্যক্তির মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

এর আগে একই প্রকল্পের কাজেও নিম্নমানের বালু ব্যবহার এবং নির্ধারিত ওজনের তুলনায় কম সিমেন্ট সরবরাহের অভিযোগ উঠেছিল। অভিযোগের সত্যতা পাওয়া গেলে কাজ বাতিল করে পুনর্নির্মাণের আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি বলে স্থানীয়দের দাবি।

রামহরি, বুড়িরহাট, কালীরমেলা ও পাড়ামৌলা গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, সাব-ঠিকাদার আবদুস ছালামের মাধ্যমে একাধিক কাজ পরিচালিত হওয়ায় প্রকল্পের মান ও অগ্রগতি নিয়ে তাদের মধ্যে উদ্বেগ রয়েছে।

বুড়িরহাট এলাকার বাসিন্দা ইফনুস আলী বলেন, নদীভাঙন রোধে আশপাশের অধিকাংশ তীর সংরক্ষণ কাজই আবদুস ছালাম নামে একজন সাব-ঠিকাদার করছেন।

রামহরি গ্রামের বাসিন্দা মোহাম্মদ বলেন, একজন লোকই অধিকাংশ কাজ করায় নিজের ইচ্ছামতো কাজ হচ্ছে। ফলে কাজের মানও ভালো হচ্ছে না।

অভিযোগের বিষয়ে কাজের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন ঠিকাদারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

তবে ইউনাইটেড কনস্ট্রাকশনের সাইড ম্যানেজার শরিফুল ইসলাম ও বেলাল কনস্ট্রাকশনের সাইড ম্যানেজার রাশেদুল ইসলাম বলেন, ঠিকাদার শ্রমিকদের সঙ্গে চুক্তি করে কাজ করছেন, নাকি সাব-ঠিকাদার নিয়োগ দিয়েছেন- এ বিষয়ে আমাদের কিছু জানা নেই।

উল্লিখিত দুই প্রতিষ্ঠানের সাব-ঠিকাদার হিসেবে কাজ করার অভিযোগ থাকা আবদুস ছালাম অনিয়মের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, আমি কোথাও গিয়ে জোর করে কাজ নিই না। যে ঠিকাদার কাজ পান, তারাই আমাকে ডেকে কাজ দেন। আমি নিম্নমানের কাজ করি-এ অভিযোগ সঠিক নয়।

তবে আবদুস ছালাম স্বীকার করেন, গত বছরসহ এ পর্যন্ত তিনি অন্তত ২০টি প্যাকেজের কাজ করেছেন। এর বাইরে অন্য প্যাকেজগুলোর বিষয়ে তিনি মন্তব্য করতে চাননি।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী (এসডি) ময়দুল ইসলাম বলেন, নাদিম কনস্ট্রাকশন চারটি, ইউনাইটেড ব্রাদার্স দুটি, বেলাল কনস্ট্রাকশন একটি প্যাকেজসহ একাধিক ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুযায়ী প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। একই ঠিকাদারের একাধিক কাজ থাকায় সব জায়গায় তাদের সরাসরি উপস্থিতি সম্ভব হয় না। সেসব ক্ষেত্রে তাদের প্রতিনিধি, ম্যানেজার বা সাইট ইঞ্জিনিয়াররা কাজ পরিচালনা করছেন। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকেও সার্বক্ষণিক তদারকি রাখা হচ্ছে।

‘সালাম’ নামের কোনো ব্যক্তি সাব-ঠিকাদার হিসেবে কাজ করছেন- এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, তিনি আদৌ কোনো সাব-ঠিকাদার কিনা, তা আমার জানা নেই। তবে লিখিত বা নির্দিষ্ট অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, তিস্তা তীর সংরক্ষণ প্রকল্পে কোনো অনুমোদিত সাব-কন্ট্রাক্টর নেই। ই-জিপির মাধ্যমে নির্বাচিত মূল ঠিকাদারদের সঙ্গেই আমাদের চুক্তি হয়েছে। এর বাইরে কেউ কাজ করে থাকলে প্রমাণ পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ বলেন, আপনাদের সঙ্গে নিয়ে আমি নিজে সরেজমিন পরিদর্শনে যাব। তিস্তা তীর সংরক্ষণ প্রকল্পের কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রায় ৮০ কোটি টাকার এই প্রকল্পে বিপুল সরকারি অর্থ ব্যয় হচ্ছে। ফলে প্রকল্পের প্রতিটি প্যাকেজের কাজ নির্ধারিত নকশা, মান ও সময় অনুযায়ী বাস্তবায়ন হচ্ছে কি না এবং অনুমোদিত ঠিকাদারদের বাইরে অন্য কারও মাধ্যমে কাজ পরিচালিত হচ্ছে কিনা তা সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা