× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২১ মাসের বেতন বকেয়া রেখেই ১২ খণ্ডকালীন শিক্ষককে চাকরিচ্যুতির অভিযোগ

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬ ১২:২৪ পিএম

হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজের ১২ জন খণ্ডকালীন শিক্ষককে ২১ মাসের বেতন বকেয়া রেখেই চাকরি থেকে অব্যাহতি দেওয়ার অভিযোগ উঠেছে।

চাকরিচ্যুত শিক্ষকরা তাদের বকেয়া বেতন পরিশোধ এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৮ সালে প্রতিষ্ঠানটি সরকারিকরণের পর অবসর ও অন্যান্য কারণে বিভিন্ন সময়ে বিষয়ভিত্তিক শিক্ষক পদ শূন্য হয়। পরে নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। এসব শিক্ষকের মধ্যে কলেজ শাখায় দুজন, দিবা শাখায় পাঁচজন এবং প্রভাতী শাখায় পাঁচজনসহ মোট ১২ জন কর্মরত ছিলেন।

ভুক্তভোগী শিক্ষকদের অভিযোগ, নিয়োগের পর প্রথমদিকে তাদের নিয়মিত বেতন দেওয়া হলেও পরবর্তীতে বেতন পরিশোধে অনিয়ম শুরু হয়। দুই-তিন মাস পরপর এক মাসের বেতন দেওয়া হতো। এভাবে দীর্ঘদিন বেতন বকেয়া থাকায় চলতি বছরের আগস্ট পর্যন্ত তাদের ২১ মাসের বেতন পাওনা হয়েছে।

শিক্ষকদের দাবি, গত ১৭ ও ১৮ আগস্ট প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. খায়রুল ইসলাম একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের কথা উল্লেখ করে ১২ জন খণ্ডকালীন শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দেন। তবে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার সময় তাদের দীর্ঘদিনের বকেয়া বেতন পরিশোধ করা হয়নি।

চাকরিচ্যুত শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় তাদের অনেকেই সংসারের দৈনন্দিন খরচ, সন্তানদের পড়াশোনা, চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন। কেউ কেউ ধার-দেনা করে সংসার চালাচ্ছেন। পাওনা বেতন পরিশোধ না করে চাকরি থেকে অব্যাহতি দেওয়ায় তারা হতাশ ও ক্ষুব্ধ।

চাকরিচ্যুত খণ্ডকালীন শিক্ষক ওবায়দুর রহমান বলেন, “বেতন বকেয়া রেখে কোনো চাকরিজীবীকে চাকরিচ্যুত করার বিধান রয়েছে কি না, তা আমাদের জানা নেই। যদি এমন বিধান না থাকে, তাহলে বকেয়া বেতন পরিশোধ না করে চাকরিচ্যুত করার দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এড়াতে পারে কি না, আমরা তা জানতে চাই।”

এ বিষয়ে হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. খায়রুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি চলতি বছরের ৪ মার্চ দায়িত্ব গ্রহণ করেছি। খণ্ডকালীন শিক্ষকদের যে বকেয়া রয়েছে, তা আমার দায়িত্ব গ্রহণের আগের পাওনা। আমার সময়কালের বেতন ৩১ জানুয়ারি ২০২৭-এর মধ্যে পরিশোধ করার কথা দিয়েছি।”

বকেয়া বেতন পরিশোধের বিষয়ে তিনি আরও বলেন, “মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অর্থ ও নিরীক্ষা শাখার পরিচালক মশিউর রহমানের পরামর্শ নেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, প্রতিষ্ঠানের ফান্ড থেকে এ টাকা পরিশোধ করা হলে ভবিষ্যতে তহবিলের অর্থ থেকে তা সমন্বয় করা হবে।”

এ বিষয়ে কিশোরগঞ্জের জেলা শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার মাকছুদা বলেন, “আপনার মাধ্যমেই বিষয়টি জানলাম। খণ্ডকালীন শিক্ষকদের কবে নিয়োগ দেওয়া হয়েছে, কতদিন চাকরি করেছেন এবং কবে চাকরিচ্যুত করা হয়েছে, তা আমার জানা নেই। তবে স্কুল ফান্ডে যদি টাকা থাকে, চাকরিচ্যুত করলে সর্বোচ্চ যতটুকু দেওয়া যায়, ততটুকু দেওয়া উচিত।”

‘আগের সময়ের বকেয়া বেতনের দায়ভার বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ নেবেন না’—এ বিষয়ে জানতে চাইলে জেলা শিক্ষা কর্মকর্তা বলেন, “আগের সময় কি তারা কাজ করেননি? ভারপ্রাপ্ত অধ্যক্ষ কি তাদের কাজ করতে দেখেননি? বকেয়া থাকতেই পারে। যিনি দায়িত্বে থাকবেন, তারই দায়িত্ব বিষয়টি দেখা।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা