প্রতীকী ছবি।
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. জজ মিয়া নামে বিএনপির এক নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম এমপি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার রাতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত জজ মিয়া উপজেলার ফরিদপুর ইউনিয়ন বিএনপির ৭ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কুলিয়ারচর উপজেলা বিএনপির সুপারিশক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মো. জজ মিয়াকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম এমপি ও সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম এমপি এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একই সঙ্গে বিএনপি ও এর অঙ্গসংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীদের বহিষ্কৃত নেতার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৩ আগস্ট সকালে ওই ছাত্রী বাড়ির পাশের জমিতে লাকড়ি শুকাতে যায়। এ সময় জজ মিয়া তাকে মুখে গামছা পেঁচিয়ে পাশের একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। এ ঘটনায় ১৪ আগস্ট রাতে শিশুটির বাবা বাদী হয়ে কুলিয়ারচর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।
অভিযোগের বিষয়ে জানতে মো. জজ মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।