কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের সবুজে ঘেরা মসজিদকুঁড় গ্রাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
খুলনা জেলা শহর থেকে প্রায় ৯০ কিলোমিটার দক্ষিণে সুন্দরবন সংলগ্ন শান্ত ও স্নিগ্ধ জনপদ কয়রা উপজেলা। উপজেলার আমাদী ইউনিয়নের সবুজে ঘেরা মসজিদকুঁড় গ্রাম। গ্রামের গা ঘেঁষে বয়ে যাওয়া কপোতাক্ষ নদের তীরে ইতিহাস ও ঐতিহ্যের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সাড়ে পাঁচশ’ বছরের প্রাচীন এক স্থাপত্যশৈলী মসজিদকুঁড় মসজিদ। দেড় হাজার বর্গফুটের লাল ইটের দেয়াল ও নান্দনিক কারুকাজের এই চমৎকার স্থাপনা নিমেষেই দর্শনার্থীদের আকৃষ্ট করে। তবে দীর্ঘদিনের অবহেলা, প্রাকৃতিক ক্ষয় এবং পর্যাপ্ত সংস্কারের অভাবে ঐতিহাসিক স্থাপনাটি ঝুঁকিতে রয়েছে।
ইতিহাস থেকে জানা যায়, ১৪১৮ থেকে ১৪৩৩ সাল পর্যন্ত বাংলার সুলতান ছিলেন জালাল উদ্দীন মুহাম্মদ শাহ। সে সময় খানজাহান আলী (রহ.) যশোরের মুড়লী পর্যন্ত এসে তার কাফেলাকে দুই ভাগে বিভক্ত করেন। তিনি নিজে এক দল নিয়ে বাগেরহাটের দিকে অগ্রসর হন। অন্য দলটি তার সহচর বোরহান খাঁ ওরফে বুড়া খাঁ ও তার ছেলে ফতে খাঁর নেতৃত্বে দক্ষিণে সুন্দরবন সংলগ্ন আমাদী এলাকায় চলে আসে। ধারণা করা হয়, তাদের উদ্যোগেই ১৪৪৫ সালের দিকে মসজিদকুঁড় মসজিদ নির্মিত হয়।
কালক্রমে নদী ও জঙ্গলের ভিড়ে হারিয়ে যাওয়া এই স্থাপনাটি পরবর্তীতে মাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছিল। স্থানীয় ভাষায় মাটি খোঁড়াকে ‘কুঁড়ে বের করা’ বলা হয়। আর মাটি ‘কুঁড়ে’ উদ্ধার করার কারণেই এর নাম হয় মসজিদকুঁড়।
মসজিদকুঁড় ঘুরে দেখা যায়, মসজিদটির মূল আকর্ষণ এর ৯টি সুদৃশ্য গম্বুজ। বর্গাকার মসজিদের প্রতি পাশের মাপ হচ্ছে ১৬ দশমিক ৭৬ মিটার এবং ভেতরের মাপ ১২ দশমিক ১৯ মিটার। কেবলামুখী দেয়াল বাদে বাকি তিন দেয়ালে মসজিদে ঢোকার জন্য তিনটি করে প্রবেশদ্বার। মাঝের প্রবেশদ্বারগুলো অপেক্ষাকৃত বড়। কেবলামুখী দেয়ালে অর্ধবৃত্তাকার মেহরাব। মসজিদের ভেতরে চারটি স্তম্ভের ওপর ছাদ ভর করে আছে। চারটি স্তম্ভ মসজিদের ভেতরের অংশকে নয়টি সমবর্গক্ষেত্রে ভাগ করেছে। বর্গক্ষেত্রগুলো গম্বুজ দিয়ে ঢাকা। মসজিদটি একসময় টেরাকোটা দিয়ে সজ্জিত ছিল। তবে টেরাকোটার অনেক অংশ খসে পড়েছে।
চুন-সুরকির চওড়া দেয়াল হওয়ায় তীব্র খরতাপেও মসজিদের ভেতর ঢুকলে এক প্রাকৃতিক শীতল আবহের পরশ পাওয়া যায়। মসজিদে এখনও শত শত মুসল্লি সালাত আদায় করেন। বিশেষ করে জুমার দিন মুসল্লিদের সমাগম বেশি থাকে। তখন মসজিদের ভেতর জায়গা সংকুলন হয় না।
সম্প্রতি সরেজমিন গিয়ে দেখা যায়, মসজিদের বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়েছে, দেয়ালে সূক্ষ্ম ফাটল দেখা দিয়েছে এবং অলংকরণ ও কারুকাজের অনেক অংশ ম্লান হয়ে গেছে। তবুও শতাব্দীর পর শতাব্দী টিকে থাকা স্থাপনাটির দৃঢ় নির্মাণশৈলী এখনও দর্শনার্থীদের মুগ্ধ করে।
স্থানীয় বাসিন্দা রাসেল আহমেদ বলেন, ঐতিহাসিক এই মসজিদটি আমাদের কয়রার গর্ব। প্রতিদিন বহু মানুষ কপোতাক্ষের পাড়ে ছুটে আসেন এর সৌন্দর্য দেখতে। এখানে পর্যটনবান্ধব সুযোগ-সুবিধা ও থাকার ভালো ব্যবস্থা করা গেলে মসজিদটি এই অঞ্চলের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্রে হিসেবে গড়ে উঠত।
স্থানীয়দের দাবি, মসজিদকে ঘিরে পর্যটকদের জন্য তথ্যকেন্দ্র, বিশ্রামাগার, নিরাপদ যাতায়াত, সাইনেজ, পার্কিং এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা হলে এটি সুন্দরবন ভ্রমণের সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গন্তব্যে পরিণত হতে পারে। এতে স্থানীয় মানুষের কর্মসংস্থান ও অর্থনীতিও সমৃদ্ধ হবে।
মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. আমিরুল ইসলাম বলেন, এটি শুধু একটি মসজিদ নয়, আমাদের ইতিহাসের অংশ। নিয়মিত সংস্কার ও রক্ষণাবেক্ষণ না হলে ভবিষ্যতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, সীমিত বাজেটের কারণে প্রয়োজনীয় সব সংস্কার করা সম্ভব হয়নি। তবে ভবিষ্যতে বড় বরাদ্দ পাওয়া গেলে সংরক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত করা হবে। ইতিহাস, ধর্মীয় ঐতিহ্য, সুলতানি স্থাপত্য এবং সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্যÑ সব মিলিয়ে মসজিদকুঁড় মসজিদ দক্ষিণাঞ্চলের একটি অনন্য ঐতিহ্য। যথাযথ সংরক্ষণ, গবেষণা এবং পর্যটন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে এই প্রাচীন স্থাপনাটি শুধু দেশের নয়, আন্তর্জাতিক পর্যটকদের কাছেও আকর্ষণীয় গন্তব্য হিসেবে পরিচিতি পেতে পারে।