প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ ২০:৩২ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৬ ২০:৪৭ পিএম
প্রতীকী ছবি
পৃথক মামলায় দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার আদালত ১০ জনের মৃত্যুদণ্ড ও ১৬ জনের যাবজ্জীবন এবং দুজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। সাত জেলায় এই সাজা দেওয়া হয়। অফিস ও প্রতিবেদকদের পাঠানো খবর :
জামালপুর: জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় আপন চাচা-ভাতিজাকে হত্যা করার মামলায় ৭ জনকে মৃত্যুদণ্ড ও ৭ জনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক আব্দুর রহিম বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেনÑ সোহেল, সাখাওয়াত, আলামিন, উজ্জ্বল, অন্তর, সাদ্দাম, ফইজুর। অন্যদিকে যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেনÑ রিফাত, চান মিয়া, কাউসার, সুমন, মোস্তফা, শাহ আলম ও জিয়ের। মামলার বিবরণী থেকে জানা গেছে, ২০১৬ সালের ১৬ মে রাতে গানবাজনার কথা বলে চাচা মহর আলী ও ভাতিজা স্বপন মিয়াকে ডেকে নিয়ে যাওয়া হয়। পরে মাদারগঞ্জের কুকুরমারী এলাকার একটি পাটক্ষেতে দুজনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে আসামিরা। পরবর্তীতে মাদারগঞ্জ থানা পুলিশ ১৯ মে তাদের লাশ উদ্ধার করে। এই ঘটনায় নিহত স্বপনের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় হত্যা মামলা করেন।
বগুড়া: বগুড়ার শেরপুরে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে আব্দুল খালেক (৫১) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া শিশু দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা দায়রা জজ মারুফ হোসেন এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের পিপি আলী আসগর। দণ্ডপ্রাপ্ত আব্দুল খালেক শেরপুর উপজেলার বাগড়া বস্তি এলাকার বাসিন্দা।
কালীগঞ্জ (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে কৃষক নায়েব আলী হত্যা মামলায় ছেলে আল-আমিন পাটোয়ারীকে মৃত্যুদণ্ড এবং তার বাবা ইউনুচ আলী পাটোয়ারীকে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। একই সঙ্গে আল-আমিনকে ৫০ হাজার টাকা এবং ইউনুচ আলীকে ২০ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাসুদ আলী এ রায় দেন। সাজাপ্রাপ্ত ইউনুচ আলী পাটোয়ারীর বয়স ৫৬ বছর। তারা কালীগঞ্জ উপজেলার মালিয়াট গ্রামের বাসিন্দা। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আকিদুল ইসলাম জানান, জমি নিয়ে বিরোধের জেরে ২০২৫ সালের ২৮ মে মালিয়াট গ্রামের কৃষক নায়েব আলীকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে আসামি করে কালীগঞ্জ থানায় মামলা করেন।
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার মাদক মামলায় ৪৬ হাজার পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম সাজা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় দেন। সাজাপ্রাপ্তরা হলেনÑ ঝিনাইদহের মহেশপুর থানার মেইন আলমপুর এলাকার শরিফুল ইসলাম ওরফে শরিফ, নেত্রকোণার দুর্গাপুর থানার পূর্ব দশাল এলাকার হৃদয় মিয়া ওরফে মাইন উদ্দিন এবং গাজীপুর মহানগরের টঙ্গীপূর্ব থানার গাজীপুর চাংকিরটেক ভাওয়ালপাড়া এলাকার সাইফুল ইসলাম। এদের মধ্যে শরিফুল ইসলাম ওরফে শরিফ পলাতক রয়েছেন।
জয়পুরহাট: জয়পুরহাটে মাদকের পৃথক দুটি মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। একই সঙ্গে সাজাপ্রাপ্তদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, তা অনাদায়ে আরও ৬ মাসের সাজা দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক হাসিবুল হক আসামিদের এ রায় দেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এ টি এম মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেনÑ নওগাঁ জেলার বদলগাছি উপজেলার শর্মাপুর গ্রামের হারুনের ছেলে ডিপজল ওরফে দিপু এবং একই উপজেলার বিলাশবাড়ী গ্রামের গুলবর হোসেনের ছেলে সাহেদ এবং জয়পুরহাট জেলাা পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা গ্রাসের আমজাদ হোসেনের ছেলে আসাদুল ইসলাম।
চট্টগ্রাম: দশ বছর আগে নগরীর বায়েজিদ বোস্তামী থানায় দায়েরকৃত জাল নোটের মামলায় দুই আসামিকে যাবজ্জীবন সাজা দিয়েছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-৮-এর বিচারক আফরোজা জেসমিন কলি এ রায় দেন। রায় ঘোষণাকালে আসামিরা উপস্থিত ছিলেন না।
দণ্ডপ্রাপ্তরা হলেনÑ কক্সবাজার জেলার চকরিয়া দিগরপালখালী এলাকার রাজীব ধর এবং পটিয়ার দক্ষিণ খোলাইন আমন্দর মাস্টারবাড়ির মো. জসিম।
আদালতের বেঞ্চ সহকারী নাঈম হোসেন বলেন, ৯ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে আসামি রাজীব ধর ও জসীম উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এদিকে অবৈধভাবে সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন এবং পরস্পর যোগসাজশে সেগুলো বৈধ করার চেষ্টার অভিযোগে দুদকের দায়ের করা মামলায় বাবা ও ছেলেকে পৃথক সাত বছরের সাজা দিয়েছেন আদালত। তার মধ্যে ছেলেকে ৪ বছরের ও বাবাকে ৩ বছরের সাজা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালত এ রায় দেন। দুদকের পিপি মোকাররম হোসাইন এ তথ্য নিশ্চিত করেন। সাজাপ্রাপ্তরা হলেনÑ কক্সবাজারের টেকনাফ উপজেলার মো. আবদুল্লাহ ও তার বাবা আবুল বশর।
ফেনী: ফেনীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার ৮ বছর পর স্বামী একরামুল হক ওরফে চুট্টুকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম সাজার আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ.এন.এম মোর্শেদ খান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি একরামুল হক চুট্টু দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের মালেক মাস্টার বাড়ির সৈয়দ আহমদের ছেলে। হত্যাকাণ্ডের পর থেকেই সে পলাতক রয়েছে। রাষ্ট্রপক্ষের পিপি শাহাব উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।