খুলনায় ১৯ দিনে পাঁচ খুন
খুলনা অফিস
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ ২০:২৮ পিএম
প্রতীকী ছবি
খুলনায় যেন থামছে না খুনোখুনি। চলতি আগস্ট মাসের ১৯ দিনে নগরী ও আশপাশের এলাকায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে সর্বশেষ গত বুধবার রাতে নগরীর লবণচরা থানার আশিবিঘা এলাকায় অল্প সময়ের ব্যবধানে গুলি করে হত্যা করা হয়েছে দুই যুবককে।
সন্ধ্যায় মঞ্জুরুল ইসলাম (২২) এবং রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ গজ দূরে নাজমুল (১৮) নামে আরেক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। একই এলাকায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই হত্যাকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যা ৬টার দিকে আশিবিঘা কালভার্টসংলগ্ন এলাকায় আড্ডা দিতে যাওয়ার সময় মঞ্জুরুলকে লক্ষ্য করে ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে তার শরীরে গুলি লাগে। পরে তাকে ছুরিকাঘাতও করা হয় বলে পুলিশ জানিয়েছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মঞ্জুরুল আশিবিঘা এলাকার খোকন সানার ছেলে। তিনি সেন্টারিং ও স্যানিটারি মিস্ত্রির কাজ করতেন। লবণচরা থানার ওসি বলেন, আশিবিঘা এলাকার একটি মাঠে ফুটবল খেলা চলছিল। সেখানে একদল যুবক মঞ্জুরুলকে খুঁজছিল। একপর্যায়ে তার পেটে ছুরিকাঘাত ও পায়ে গুলি করে তারা চলে যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি বলেন, কী কারণে মঞ্জুরুলকে হত্যা করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
মঞ্জুরুল হত্যার রেশ কাটতে না কাটতেই রাত সাড়ে ৯টার দিকে একই এলাকার একটি গলির ভেতর আরেক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহত যুবকের নাম নাজমুল বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। তার বয়স ১৮ বছর। বাবার নাম মনির শেখ। খুলনা মহানগর পুলিশের উপকমিশনার রেজাউর রহমান বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পায়। স্থানীয়রা নিহত যুবকের নাম নাজমুল বলে জানিয়েছেন।
পুলিশ বলছে, নাজমুল কীভাবে এবং কারা তাকে হত্যা করেছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। দুটি হত্যাকাণ্ডের মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
চলতি আগস্টে খুলনা অঞ্চলে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। ১১ আগস্ট রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের কিসমত খুলনা গ্রামের রূপসা ব্রিকস ইটভাটায় ফখরুল শেখ (৩৫) নামে এক যুবদলকর্মীকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। রাতে ইটভাটায় ঢুকে তাকে গুলি করা হয়। তার শরীরে দুটি গুলির চিহ্ন পাওয়া যায়।
এর চার দিন পর ১৫ আগস্ট রূপসার আইচগাতী ইউনিয়নের দুর্জনি মহল-শহীদের মোড় এলাকায় জয় ঢালি (২৫) নামে এক যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। চায়ের দোকানের সামনে তাকে এ হামলা করা হয়। পুলিশ জানিয়েছিল, জয় স্থানীয় একটি গ্রুপের সঙ্গে যুক্ত ছিলেন। ১৮ আগস্ট নগরীর আড়ংঘাটা থানার রায়ের মহল এলাকায় ছেলেধরা সন্দেহে রাজু শিকদার/বিশ্বাস (২৫) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয়রা তাকে আটক করে মারধর করার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর পরদিনই আশিবিঘায় অল্প সময়ের ব্যবধানে গুলিতে দুই যুবকের মৃত্যু হলো। ফলে আগস্টের ১৯ দিনেই খুলনা অঞ্চলে হত্যার শিকার হলেন পাঁচজন।