বোয়ালমারী (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ ১৯:৫৬ পিএম
প্রতীকী ছবি
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের চরপাড়া এলাকায় বারাশিয়া নদী থেকে আনুমানিক ৭০ বছর বয়সী এক অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গত বুধবার রাত দেড়টার দিকে নদীর কচুরিপানার মধ্য থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের ভাষ্য, মানসিক ভারসাম্যহীন ওই বৃদ্ধ বেশকিছু দিন ধরে গুণবহা ও আশপাশের এলাকায় ঘোরাফেরা করছিলেন। বুধবার রাতে স্থানীয় নিশানসহ কয়েকজন বাসিন্দা নদীর আশপাশ থেকে তার গোঙানি ও কান্নার শব্দ শুনতে পান। শব্দের উৎস ধরে তারা রাতের অন্ধকারে বেশকিছুক্ষণ খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেননি। পরে বিষয়টি বোয়ালমারী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হয়।
খবর পেয়ে বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রশিদ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় নদীর কচুরিপানার মধ্য থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এখন পর্যন্ত তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।