নওগাঁ ও ধামইরহাট প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ ১৯:৩৮ পিএম
নওগাঁর ধামইরহাটে মেরিনা বেগম নামে এক গৃহবধূকে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগে সাবেক ইউপি সদস্যসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নওগাঁর ধামইরহাটে মেরিনা বেগম নামে এক গৃহবধূকে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগে সাবেক ইউপি সদস্য বাবুল হোসেন (৪৯) ও তারেক রহমান (২১) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৮ আগস্ট সন্ধ্যায় ধামইরহাট উপজেলার একটি আমবাগানে এক নারীর পোড়া মরদেহ পড়ে থাকার খবর পায় পুলিশ। ঘটনাস্থলে গিয়ে মরদেহের পাশে প্রসাধনী সামগ্রী ও জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়। পরে প্রযুক্তিগত তথ্য, স্থানীয় তদন্ত ও তথ্য বিশ্লেষণের মাধ্যমে ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করে পুলিশ।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে রাতেই সাবেক ইউপি সদস্য বাবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তারেক রহমানকেও গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
তিনি বলেন, মেরিনা বেগমের স্বামী ও ছেলে জীবিকার প্রয়োজনে কুমিল্লায় থাকতেন। এ সুযোগে দুধ কেনাবেচাকে কেন্দ্র করে বাবুল হোসেনের সঙ্গে মেরিনার পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। একপর্যায়ে মেরিনা তাকে বিয়ের জন্য চাপ দেন। গত ১৬ আগস্ট বিয়ের কথা থাকায় তিনি প্রসাধনী সামগ্রী ও জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন। ওইদিন মেরিনাকে শাহাপুর ইউনিয়ন থেকে অগ্রাদিগুণ বাজারে নিয়ে আসা হয়। পরে তাকে একটি আমবাগানে নেওয়া হয়। সেখানে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয় এবং পরিচয় গোপনের উদ্দেশ্যে মরদেহে আগুন দেওয়া হয়।
পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় মোট চারজন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তার দুজন ছাড়াও অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন সামগ্রীও উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
সংবাদ সম্মেলনে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জয়ব্রত পাল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) শরিফুল ইসলামসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।