মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ ১৯:৩৫ পিএম
মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যার প্রতিবাদ, জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যার প্রতিবাদ, জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি শিক্ষার্থী, নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় তারা জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যার বিচার, জড়িতদের গ্রেপ্তার ও দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
পরে বিএনপি কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিয়া, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন রুবেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামাল পাশা, নিহতের চাচা আইনজীবী ফরিদ আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বাহার মিয়া প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, জাহিদুল আলম জাহাঙ্গীর ছিলেন মিঠামইন উপজেলা বিএনপির গুরুত্বপূর্ণ নেতা। তাকে হামলা চালিয়ে হত্যার ঘটনায় দলীয় নেতাকর্মী, পরিবারের সদস্য ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানান তারা।
মিঠামইন থানার ওসি মনোয়ার মোহাম্মদ বলেন, জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় এ পর্যন্ত এজাহারভুক্ত তিন আসামিসহ মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।