নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ ১৯:২৮ পিএম
বরিশাল সদর উপজেলা- শুধু বই-খাতা নয়, পরিচ্ছন্ন ও নান্দনিক ক্যাম্পাস প্রতিযোগিতার আয়োজন করা হবে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বরিশাল সদর উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শুরু হয়েছে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান- তাই শুধু বই-খাতা নয়, এবার ঝাড়ু হাতে বিদ্যালয়ের আঙিনা পরিষ্কার করছে শিক্ষক-শিক্ষার্থীরা। পরিচ্ছন্ন ও নান্দনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে এ অভিযান।
বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা সুলতানার নেতৃত্ব ও সরাসরি তদারকিতে
চলছে এ কর্মসূচি।
শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ, মাঠ, আঙিনা ও আশপাশের এলাকা পরিষ্কারের পাশাপাশি শিক্ষার্থীদের
পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করা হচ্ছে। শিক্ষক ও শিক্ষার্থীদের সরাসরি অংশগ্রহণে পরিচ্ছন্নতা
কার্যক্রমকে নিয়মিত অভ্যাসে পরিণত করার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।
এরই মধ্যে দরগাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব গণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,
কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিল্ববাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কড়াপুর পপুলার
মাধ্যমিক বিদ্যালয়, রায়পাশা ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়, ছাবেরা খাতুন বালিকা মাধ্যমিক
বিদ্যালয়, শেরে বাংলা নগর মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পরিচ্ছন্নতা
অভিযান শুরু হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা সুলতানা বলেন, পরিচ্ছন্ন বরিশাল
সদর উপজেলা গড়তে হলে শুরুটা করতে হবে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে। শিক্ষার্থীরা নিজের বিদ্যালয়
পরিষ্কার রাখার দায়িত্ব নিলে সেই অভ্যাস পরিবার ও সমাজেও ছড়িয়ে পড়বে।
তিনি জানান, পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও প্রতিযোগিতামূলক ও কার্যকর করতে বরিশাল সদর
উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে পরিচ্ছন্ন ও নান্দনিক ক্যাম্পাস প্রতিযোগিতার আয়োজন
করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ক্যাম্পাসের পরিচ্ছন্নতা, নান্দনিকতা ও সামগ্রিক পরিবেশ
মূল্যায়ন করা হবে।