বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ ১৭:১১ পিএম
বাকেরগঞ্জ উপজেলা পরিষদ। ছবি: সংগৃহীত
বাকেরগঞ্জ উপজেলার মেয়াদোত্তীর্ণ ১১টি ইউনিয়ন পরিষদে সেবা কার্যক্রম সচল রাখতে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। গত বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (ইউপি-১ শাখা) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ অনুমোদন দেওয়া হয়।
প্রজ্ঞাপনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা হলেনÑ চরাদি ইউপিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. আনিছুর রহমান। দাড়িয়াল ইউপিতে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ দাস। দুধল: অতিরিক্ত কৃষি কর্মকর্তা শেখ তৈয়েবুর রহমান। ফরিদপুরে একাডেমিক সুপারভাইজার মো. এনামুল হক। কবাইয়ে সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. এনামুল হক। নলুয়ায় সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইলিয়াছ আহমেদ আকন। কলসকাঠীতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলাউদ্দিন মাসুদ। গারুড়িয়ায় সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল করিম। ভরপাশায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফোরকান মোল্লা। রঙ্গশ্রীতে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মু. ওবায়দুল্লাহ এবং পদ্মাশিবপুরে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চন্দ্র পাল জানান, ইউনিয়ন পরিষদগুলোর প্রশাসনিক গতিশীলতা বজায় রাখা এবং নাগরিকদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতেই সরকারি নিয়ম মেনে কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্থানীয় প্রশাসনিক স্থবিরতা দূর করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দ্রুতই স্ব-স্ব পরিষদে আনুষ্ঠানিকভাবে কার্যভার গ্রহণ করবেন।
উল্লেখ্য, এর আগে ৯ আগস্ট বরিশাল জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখা থেকে ভুলবশত বাকেরগঞ্জের মেয়াদোত্তীর্ণ ইউপিগুলোতে প্রশাসক নিয়োগের একটি আদেশ জারি করা হয়েছিল। কিন্তু আইনি পর্যালোচনায় দেখা যায়, মেয়াদ উত্তীর্ণের পর প্রশাসক নিয়োগের একচ্ছত্র এখতিয়ার কেবল স্থানীয় সরকার বিভাগের। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার ভারপ্রাপ্ত উপপরিচালক উপমা ফারিসা স্বাক্ষরিত আদেশে পূর্বের প্রজ্ঞাপনটি বাতিল করা হয়।