শিমের পরিচর্যা করছেন এক কৃষক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
একসময় যে জমিতে সাধারণ মৌসুমি ফসলই ছিল কৃষকের ভরসা, সেই জমিই এখন বাড়তি আয়ের সম্ভাবনা তৈরি করেছে।
অল্প খরচে আগাম শিম চাষ করে মৌসুমের শুরুতেই ভালো দামে বিক্রি করছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের চণ্ডিপাশা চরপাড়া গ্রামের কৃষকেরা। লাভের সম্ভাবনা থাকায় বছর বছর বাড়ছে এ চাষের পরিধি।
সরেজমিনে দেখা যায়, চণ্ডিপাশা চরপাড়া গ্রামের মাঠজুড়ে এখন আগাম শিমের আবাদ। মাচায় ঝুলছে সবুজ শিম। ভোর থেকেই কৃষকেরা ব্যস্ত হয়ে পড়ছেন শিম সংগ্রহ ও জমির পরিচর্যায়। ভালো দামে শিম বিক্রি হওয়ায় তাদের মধ্যে দেখা গেছে উৎসাহ ও স্বস্তি।
শুরুটা ছিল পরীক্ষামূলক
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় আট থেকে ১০ বছর আগে চণ্ডিপাশা চরপাড়া গ্রামে আগাম শিমের চাষ শুরু হয়। তখন হাতে গোনা কয়েকজন কৃষক পাবনা থেকে বীজ এনে পরীক্ষামূলকভাবে চাষ করেন। ফলন ভালো হওয়া এবং আগাম শিমের ভালো দাম পাওয়ায় তারা সফল হন।

তাদের সাফল্য দেখে একে একে অন্য কৃষকেরাও চাষে যুক্ত হন। ধীরে ধীরে পুরো গ্রামে ছড়িয়ে পড়ে আগাম শিমের আবাদ। এখন অনেক কৃষকই জমির একটি অংশ এ ফসলের জন্য বরাদ্দ রাখছেন।
কৃষক গিয়াস উদ্দিন জানান, এবার তিনি ২০ শতক জমিতে আগাম শিম চাষ করেছেন। জমি প্রস্তুত, বীজ, সার, কীটনাশক, মাচা তৈরি ও পরিচর্যা মিলিয়ে তার খরচ হয়েছে প্রায় ছয় হাজার টাকা। এরই মধ্যে তিনি ৩০ হাজার টাকার শিম বিক্রি করেছেন। জমিতে এখনও প্রচুর শিম রয়েছে।
সবকিছু অনুকূলে থাকলে আরও প্রায় ১ লাখ ৪০ হাজার টাকার শিম বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি। ফলে পুরো মৌসুমে মোট বিক্রি প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা হতে পারে বলেও জানান তিনি।
গিয়াস উদ্দিন বলেন, “গত সাত বছর ধরে আগাম শিম চাষ করছি। প্রতিবছরই ভালো ফলন পাই। আগাম বাজারে তুলতে পারলে দামও ভালো পাওয়া যায়। তাই অন্য ফসলের তুলনায় শিম চাষে লাভ বেশি।”
কম খরচে বাড়ছে লাভ
একই গ্রামের কৃষক ফারুক মিয়া জানাস, তিনি ৩৫ শতক জমিতে আগাম শিম চাষ করেছেন। তার খরচ হয়েছে প্রায় ১৫ থেকে ১৬ হাজার টাকা। এরই মধ্যে ৩০ হাজার টাকার শিম বিক্রি করেছেন।
জমিতে থাকা শিম থেকে প্রায় দুই লাখ টাকা বিক্রির আশা করছেন তিনি।
ফারুক মিয়া বলেন, “প্রায় ১০ বছর ধরে আগাম শিম চাষ করছি। মৌসুমের শুরুতে বাজারে শিমের দাম ভালো থাকে। তাই খরচের তুলনায় লাভও বেশি হয়। এ কারণে প্রতিবছরই আগাম শিম চাষ করি।”
কয়েকজন কুষকের সঙ্গে কথা বলে জানা যায়, আগাম শিম চাষে এখন অনেক কৃষক নিজেরাই বীজ সংরক্ষণ করছেন। শুরুতে পাবনা থেকে বীজ আনলেও কয়েক বছর ধরে ভালো ফলন দেওয়া গাছ থেকে শিম রেখে বীজ সংগ্রহ করছেন তারা।
এতে বীজ কেনার খরচ কমছে এবং স্থানীয় মাটি ও আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া বীজ ব্যবহারের সুযোগ হচ্ছে বলেও জানান তারা।
গিয়াস উদ্দিন ও ফারুক মিয়ার সাফল্যে অনুপ্রাণিত হয়ে অন্য কৃষকেরাও এ চাষে আগ্রহী হচ্ছেন।
কৃষক ফয়সাল মিয়াও এবার ২৬ শতক জমিতে আগাম শিম চাষ করেছেন। কৃষকদের কাছে এটি এখন শুধু সবজি চাষ নয়, অল্প জমিতে বাড়তি আয় করার কার্যকর উপায়।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, “চণ্ডিপাশা এলাকার মাটি গ্রীষ্মকালীন আগাম শিম চাষের জন্য খুবই উপযোগী। বাজারে শিমের চাহিদা থাকায় কৃষকেরা ভালো দাম পাচ্ছেন।”
তিনি বলেন, “উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের সবজি প্রণোদনা, রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ থেকে ফসল রক্ষার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহযোগিতা দেওয়া হচ্ছে।”