জামালপুর প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ ১৫:০৩ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৬ ১৫:২৫ পিএম
আসামিদের আলাদতে নেওয়া হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় আপন চাচা-ভাতিজাকে হত্যার দায়ে ৭ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও ৭ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, সোহেল, সাখাওয়াত, আলামিন, উজ্জ্বল, অন্তর, সাদ্দাম, ফইজুর। যাবজ্জীবন কারাদণ্ডে যারা দণ্ডিতরা হলেন, রিফাত, চান মিয়া, কাউসার, সুমন, মোস্তফা, শাহ আলম ও জিয়ের।
বাদী পক্ষের আইনজীবী ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৬ মে রাতে গানবাজনার কথা বলে চাচা মহর আলী ও ভাতিজা স্বপন মিয়াকে ডেকে নিয়ে যাওয়া হয়। পরে মাদারগঞ্জের কুকুরমারী এলাকার একটি পাটখেতে দুজনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে আসামিরা। পরবর্তীতে মাদারগঞ্জ থানা পুলিশ ১৯ মে তাদের লাশ উদ্ধার করে।
এই ঘটনায় নিহত স্বপনের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ১৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়। মামলায় মোট ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ আদালত ১৪ আসামির সবাইকে দোষী সাব্যস্ত করে এই রায় দেন।
রায় ঘোষণার সময় আসামিরা সবাই আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এই রায়ে সন্তোষ প্রকাশ করলেও আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন।