চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ ১৩:৩৯ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৬ ১৩:৪৪ পিএম
অপকর্মে ওএসডি হলেন সিভিল সার্জন জাহাঙ্গীর আলম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে একের পর এক অনিয়মের অভিযোগের মধ্যেই বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে ঢাকার মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে বদলি করা হয়েছে।
তার স্থলাভিষিক্ত হয়েছেন কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাজেদুর রহমান।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখা থেকে বুধবার জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৪ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগ না দিলে ২৫ আগস্ট থেকে স্ট্যান্ড রিলিজ বলে গণ্য হবেন তিনি।
প্রশাসনিক সূত্র বলছে, ভেতরে-ভেতরে জমতে থাকা একের পর এক অভিযোগের চাপেই শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলো মন্ত্রণালয়।
২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর দায়িত্ব নেওয়া ডা. জাহাঙ্গীরের বিরুদ্ধে দায়িত্বপালনকালে একাধিক অভিযোগ ওঠে।
স্বাস্থ্য সহকারীসহ ১৭১টি পদে নিয়োগ পরীক্ষায় এসএমএস না পাওয়া, ওএমআর শিট নিয়ে বিভ্রান্তি এবং পরীক্ষার কয়েক ঘণ্টার মধ্যেই ফল প্রকাশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচিত হযন তিনি।
এছাড়া কার্যালয়ের এক কর্মচারীর বিরুদ্ধে সিভিল সার্জনের নাম ব্যবহার করে টাকা আদায় এবং তা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে।
বেসরকারি ক্লিনিক-হাসপাতালের লাইসেন্স প্রদান ও নবায়ন নিয়েও দীর্ঘদিনের অভিযোগ ছিল তার কার্যালয়ের বিরুদ্ধে।