সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার শালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার শালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্ধারিত সময়ের আগে ছুটি দিয়ে বিদ্যালয় ত্যাগ করার অভিযোগে চার সহকারী শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস স্বাক্ষরিত এক চিঠিতে বুধবার রাতে এ নোটিশ জারি করা হয়।
বিষয়টি বৃহস্পতিবার নিশ্চিত করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস।
নোটিশ পাওয়া শিক্ষকরা হলেন- শালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্যামলী দাশ, রহমতা আক্তার, রুমী তালুকদার ও অর্চনা দেবী।
নোটিশে বলা হয়েছে, গত বুধবার (১৯ আগস্ট) দুপুর ২টা ৪৫ মিনিটে বিদ্যালয়টি নির্ধারিত সময়ের আগেই ছুটি দেওয়া হয়। নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ত্যাগ ও কর্মস্থলে অনুপস্থিত থাকাকে চরম দায়িত্বহীনতা ও উদাসীনতার পরিচায়ক হিসেবে উল্লেখ করা হয়েছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, কেন তাদের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, তার সন্তোষজনক লিখিত জবাব আগামী তিন কার্যদিবসের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠাতে বলা হয়েছে।
শালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অর্চনা দেবী বলেন, “আমরা চিঠি পেয়েছি, অবশ্যই তিন কার্য দিবসের মধ্যে চিঠির জবাব দিব।”
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস বলেন, “নির্ধারিত সময়ের পূর্বে বিদ্যালয় ছুটি দেওয়ার অভিযোগে চারজন সহকারী শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, নোটিশে তা জানতে চাওয়া হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।”