কুমিল্লা অফিস
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ ১৩:০১ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৬ ১৩:০৪ পিএম
শেষ পর্যন্ত তুমুল সমালোচনার মুখে ক্ষমা চেয়েছেন ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ১নং মাধবপুর ইউনিয়নের বলাকিয়া গ্রামে গ্রাম্য সালিশ বৈঠকে এক নারীকে প্রকাশ্যে জুতাপেটার ঘটনার পর তুমুল সমালোচনার মুখে ক্ষমা চেয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন।
সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমকর্মীদের পাঠানো এক
ভিডিও বার্তায় বুধবার বিকেলে তিনি এ অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য সবার কাছে দুঃখ
প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন।
ভিডিও বার্তায় চেয়ারম্যান ফরিদ উদ্দিন বলেন, আমার বাড়ির পাশের বলাকিয়া গ্রামের এক প্রবাসীর স্ত্রী ও স্থানীয় এক যুবকের মধ্যে প্রায় দুই বছর যাবত পরকীয়া সম্পর্ক চলছিল। গভীর রাতে স্থানীয় ছেলেদের কাছে অনৈতিক কর্মকাণ্ডের সময় হাতেনাতে ধরা পড়েন তারা।
পরে আমাকে ফোন করে ঘটনাস্থলে যেতে বলা হলেও গভীর রাত হওয়ায় যেতে অপারগতা প্রকাশ করি এবং পরদিন সকালে যাওয়ার আশ্বাস দিই।
পরদিন সকালে গিয়ে দেখি ওই বাড়িতে অনেক লোকের সমাগম। তখন আমি পরকীয়ায় অভিযুক্তদের ঘটনার বিষয়ে জানতে চাইলে তারা স্বীকার করেন গত ১৮ মাস ধরে তারা একে অপরের সঙ্গে মেলামেশা করে আসছেন।
বিয়ের বিষয়ে ছেলেটি রাজি হলেও ওই গৃহবধূ রাজি ছিলেন না। পরে গৃহবধূর বিদেশে অবস্থান করা স্বামীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তার সন্তানদের ভবিষ্যতের দিক বিবেচনা করে সালিশ বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করেন।