সাতক্ষীরা প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ ০৯:৪৭ এএম
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার আলিমুজ্জামান সাজু ও রেবতী সরকার। কোলাজ:প্রতিদিনের বাংলাদেশ
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে দুইজন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাসিন্দা।
পরিবারের সদস্যরা বুধবার রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আলিমুজ্জামান সাজু (৪৫) কালিগঞ্জের তারালী ইউনিয়নের বরেয়া গ্রামের মৃত. ইউনুচ সরদারের ছেলে। তিনি পেশায় একজন ঘের ব্যবসায়ী ও আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। অপরজন একই উপজেলার বাসিন্দা রেবতী সরকার।
নিহতের নিকটাত্নীয় মোখলেছুর রহমান পল্টু জানান, কোমরে ব্যাথার চিকিৎসা নিতে ৫-৬ দিন আগে সাজু ভারতে যান। বুধবার বাড়িতে ফিরে আসার কথা ছিল। কিন্তু রাত ১০টার দিকে বাড়িতে খবর আসে হোটেলে অগ্নিকাণ্ডে তিনি নিহত হয়েছেন।
প্রতিবেশী হাফিজুর রহমান হাফিজ জানান, ৭-৮ বছর আগে হজ্ব করে এসে জানায় বিয়ে করবেন না। সেভাবেই চলছিলেন। এলাকার ভালো মানুষ হিসেবে পরিচিত। এক বছর আগে তার মা মারা গেছেন। বাবাও বেঁচে নেই। বাড়ির অন্য স্বজনরা সকলেই কান্নাকাটি করছেন। চার ভাইয়ের মধ্যে সাজু সবার ছোট। মেঝো ভাই রাজু সরদারও মারা গেছেন। বর্তমানে বড় ভাই সাহেব সরদার ও সেঝো ভাই উজ্জ্বল সরদার জীবিত আছেন।
তারালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কালীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মো. এনামুল হোসেন ছোট জানান, নিহত আলিমুজ্জামান সাজু কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসম্পদ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করতেন।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখা থেকে জানানো হয়, ঘটনাটি জানার পর বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।
উল্লেখ্য যে, মঙ্গলবার রাত ২টার দিকে কলকাতা হোটেল ইন-এ অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় নিহতদের মধ্যে ৭ জনের মৃত্যু হয়। পরে আরও ২ বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া যায়। সবমিলে ৯ জন নিহতের ঘটনা ঘটেছে। তবে হোটেলটিতে ২৫ জন বাংলাদেশি ছিলেন বলে জানা গেছে। নিহত বাংলাদেশিদের মধ্যে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তসহ পরিবারের চার জন রয়েছেন।