× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইমাম-উলামা পরিষদের আপত্তির মুখে অ্যাশেজ-নোবেলের কনসার্ট বাতিল

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬ ২০:০০ পিএম

কিশোরগঞ্জে বুধবার একটি কনসার্টের অনুমতি বাতিল করেছে জেলা প্রশাসন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জে বুধবার একটি কনসার্টের অনুমতি বাতিল করেছে জেলা প্রশাসন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জে ইমাম-উলামা পরিষদের আপত্তির মুখে পূর্বনির্ধারিত কনসার্টের অনুমতি বাতিল করেছে জেলা প্রশাসন।

আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা ও আয়োজক প্রতিষ্ঠানের প্রয়োজনীয় লাইসেন্স না থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে বুধবার এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে বুধবার কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজ ও সংগীতশিল্পী নোবেল গান পরিবেশন করার কথা ছিল। তবে প্রশাসনের সিদ্ধান্তের কারণে শেষ মুহূর্তে অনুষ্ঠানটি বাতিল হয়ে যায়।

জানা গেছে, শহরের আলিশান রেস্টুরেন্টের মালিক মো. ইব্রাহীম খলিল সোমবার কনসার্ট আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দেন। রেস্টুরেন্টের র‌্যাফেল ড্রয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে কনসার্টটির আয়োজন করা হয়েছিল। ঘোষণায় অ্যাশেজ ব্যান্ড ও নোবেলের পরিবেশনার কথা জানানো হয়।

এরপর কনসার্ট বন্ধের দাবি জানিয়ে মঙ্গলবার কিশোরগঞ্জের জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করে কিশোরগঞ্জ সদর উপজেলা ইমাম-উলামা পরিষদ। সংগঠনটির সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা আহমাদুল্লাহ এ আবেদন করেন।

আবেদনে কনসার্টে গান-বাজনার আয়োজনকে ‘শরিয়তবিরোধী’ উল্লেখ করে অনুষ্ঠানটি বন্ধের দাবি জানানো হয়। একই সঙ্গে কনসার্টকে কেন্দ্র করে ব্যাপক জনসমাগমের কারণে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কার কথাও জানানো হয়।

এ ছাড়া কনসার্ট বন্ধের দাবিতে বুধবার বিকেলে বিক্ষোভ-মিছিলের ডাক দিয়েছিল ইমাম-উলামা পরিষদ। এর মধ্যেই বুধবার দুপুরে জেলা প্রশাসন কনসার্টের অনুমতি বাতিল করে। ফলে নির্ধারিত সময়ে পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়নি। কনসার্টে অংশ নিতে আসা শিল্পীদের পরিবেশনাও বাতিল হয়ে যায়। শেষ মুহূর্তে অনুষ্ঠান বাতিল হওয়ায় আয়োজকদের পাশাপাশি দর্শকদের মধ্যেও হতাশা দেখা দিয়েছে।

কিশোরগঞ্জ সদর উপজেলা ইমাম-উলামা পরিষদের সভাপতি মাওলানা আহমাদুল্লাহ বলেন, ‘আমাদের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করার পর কনসার্টের অনুমতি বাতিল করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এ সিদ্ধান্তের জন্য জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই।’

অন্যদিকে কনসার্টের আয়োজক আলিশান রেস্টুরেন্টের মালিক মো. ইব্রাহীম খলিল বলেন, ‘র‌্যাফেল ড্রয়ের পুরস্কার বিতরণ উপলক্ষে কনসার্টটির আয়োজন করা হয়েছিল। জেলা প্রশাসনের কাছ থেকে যথাযথ প্রক্রিয়ায় অনুমতিও নেওয়া হয়েছিল। তবে বুধবার দুপুরে হঠাৎ অনুমতি বাতিলের কথা জানানো হলে শেষ মুহূর্তে অনুষ্ঠানটি বন্ধ করতে হয়েছে।’

কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, ‘গোয়েন্দা প্রতিবেদনে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা থাকায় কনসার্টের অনুমতি বাতিল করা হয়েছে। পাশাপাশি আয়োজক প্রতিষ্ঠানের প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় সার্বিক বিষয় বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা