× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুন্দরগঞ্জে তিস্তার ভাঙন

ভোরের পাখি স্কুলটি বিলিন নদীগর্ভে

আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬ ১৫:২৪ পিএম

আপডেট : ১৯ আগস্ট ২০২৬ ১৫:২৯ পিএম

ভোরের পাখি স্কুল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভোরের পাখি স্কুল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নদীভাঙনে সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ভোরের পাখি স্কুলটি তিস্তা নদীর অতলে হারিয়ে গেছে। স্কুলটি রক্ষায় নেওয়া হয়নি কার্যকর উদ্যোগ। এতে ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা, হতাশ শিক্ষার্থী ও শিক্ষকরা।

স্থানীয় সূত্রে জানা যায়, চরাঞ্চলের শিশুদের শিক্ষার ভরসাই ছিল এই স্কুলটি। কিছুদিন ধরে তিস্তার ভাঙন প্রবল হয়ে উঠলে এটি রক্ষায় আবেদন জানান এলাকাবাসী। স্কুলটি পরিদর্শন করেছেন ইউপি চেয়ারম্যান, উপজেলা ইউএনও, জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের (পাাউবো) ঊর্ধ্বতন কর্মকর্তারা। এমনকি গত ৮ আগস্ট পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সরেজমিনে ভাঙনকবলিত এলাকা ঘুরে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেন। কিন্তু সংশ্লিষ্টদের আশ্বাস শেষ পর্যন্ত আশ্বাসই থেকে গেছে। বাস্তবে শিক্ষাপ্রতিষ্ঠানটি রক্ষায় কেউ এগিয়ে আসেনি। ফলে ভোরের পাখি স্কুলটি তিস্তার গ্রাসে হার মেনেছে।

কাপাসিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জামাল উদ্দিন দুঃখ করে বলেন, সরকারি স্কুলটি রক্ষায় উপজেলা শিক্ষা কর্মকর্তা, ইউএনও, পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা একের পর এক আশ্বাস দিয়েছেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো- এটি রক্ষায় বাস্তবে কোনো পদক্ষেপ চোখে পড়েনি। একটি জিও ব্যাগও ফেলা হয়নি ভোরের পাখি রক্ষায়।

স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, সোমবার পর্যন্ত আমরা ক্লাসে ছাত্র-ছাত্রীদের পড়িয়েছি। ভোরে নদীভাঙন ভয়ঙ্কর হয়ে উঠলে সঙ্গে সঙ্গে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে (এইউইও) বিষয়টি জানাই। তার পরামর্শে ১৪ জন শ্রমিক নিয়ে স্কুলের মালামাল সরানোর কাজ শুরু করি। কিন্তু ততক্ষণে একটি বেড়া ও তিনটি জানলা নদীতে তলিয়ে যায়। সময়মতো জিও ব্যাগ ফেললে আজ হয়তো স্কুলটির এই করুণ দশা হতো না।

স্কুলের এসএমসির সভাপতি আতিয়ার রহমান বলেন, এ বিষয়ে অনেক আগে থেকেই ঊর্ধ্বতন কর্মকর্তাদের বার বার জানানো হয়েছে। কিন্তু কোনো লাভ হলো না।

ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, তার নির্বাচনী ওয়ার্ডে দীর্ঘদিন ধরে তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। তখন থেকে বার বার উপজেলা ও জেলা পর্যায়ে তিস্তানদী ভাঙনরোধে ও ভাঙন কবলিত বিভিন্ন এলাকার তালিকা জমা দেওয়া হয়। 


ঘটনাস্থল থেকে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুকুল চন্দ্র বর্মন বলেন, ভাঙন শুরুর পর থেকেই আমরা প্রতিটি বিষয়ের আপডেট সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দিয়েছি। কিন্তু সময়মতো ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

এ বিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা ইউএনও ঈফফাত জাহান তুলি বলেন, ভাঙন ভয়ঙ্কর হয়ে উঠার খবর পেয়েই স্কুলটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছি। নদীভাঙন প্রাকৃতিক দুর্যোগ হলেও এখানে পানি উন্নয়ন বোর্ডের কোনো গাফিলতি ছিল কিনা, তা খতিয়ে দেখা হবে।

অভিযোগের ব্যাপারে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম বলেন, নতুন করে জিও ব্যাগ ফেলার কাজ দ্রুত শুরু করা হবে। এতদিন কেন পদক্ষেপ নেওয়া হয়নি? জানতে চাইলে তিনি দাবি করেন, স্কুলটি রক্ষার জন্য আলাদা কোনো বরাদ্দ ছিল না। তবে গত বছর এর উজানে ও ভাটিতে কিছু জিও ব্যাগ ফেলা হয়েছিল।

এদিকে বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা