গ্রাম্য সালিশে এক নারীকে প্রকাশ্যে জুতাপেটা করছেন মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ উদ্দিন। ছবি: ভিডিও থেকে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নে গ্রাম্য সালিশে এক নারীকে প্রকাশ্যে জুতাপেটা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ উদ্দিনকে ওই নারীকে জুতাপেটা করতে দেখা যায়।
উপজেলার বলাকিয়া গ্রামে সোমবার বিকালে এ সালিশ অনুষ্ঠিত হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ভিডিওতে গ্রামের মানুষের উপস্থিতিতে চেয়ারম্যানকে ওই নারীকে জুতাপেটা করতে দেখা যায়। এ সময় আশপাশে নারী, পুরুষ ও শিশু-কিশোরদেরও দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
স্থানীয় অনেকের দাবি, মাধবপুর ইউনিয়নের চারিপাড়া গ্রামের বিল্লাল হোসেন নামে এক যুবকের সঙ্গে ওই নারীর পরকীয়ার অভিযোগ নিয়ে সালিশটি বসে। বৈঠকে ওই নারী ও পুরুষের বিরুদ্ধে শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।
তবে পুরুষকে শাস্তি দেওয়ার কোনো ভিডিও প্রকাশ্যে আসেনি।
পরকীয়ার অভিযোগে সালিশ, শাস্তি জুতাপেটা
এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন বলেন, প্রবাসী স্বামীর সংসারে থেকে ওই নারী পরকীয়ায় জড়িয়ে পড়েছেন। সামাজিক বিচারের রায় আমি কার্যকর করেছি মাত্র।
তবে সালিশে এ ধরনের শাস্তি দেওয়ার আইনগত বৈধতা রয়েছে কি না, সে প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি চেয়ারম্যান।
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্নী ইসলাম বলেন, ভিডিওটি তাদেরও নজরে এসেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।