ফরহাদ সুমন, চট্টগ্রাম
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬ ১০:৫৩ এএম
কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন। চট্টগ্রাম বন্দরনগরীর অন্ধকার জগতের এক দাপুটে শীর্ষ সন্ত্রাসী। বছরের পর বছর গুরুর আশীর্বাদে শাসন করেছেন দেশের দ্বিতীয় রাজধানীর সন্ত্রাসময় জগৎ; যাপন করেছেন গোপন বিলাসী জীবন। শুধু ডেভিড ইমনই নযনÑ ছোট সাজ্জাদ, মো. রায়হান, ঢাকাইয়া আকবর, সারোয়ার বাবলা এবং এরকম আরও কয়েকজন ছিলেন এই একই সমীকরণে। তবে গুরুকে টপকে তার সঙ্গে কেউ কেউ টেক্কা দিতে গিয়েই ঘটেছে অঘটন। ঘোড়ার আড়াই ঘরের চালে পড়ে চিৎ-কাত হতে হয়েছে দাবার গুটিকে। কখনও কাউকে যেতে হয়েছে কারাগারে, আবার কখনও চিরতরে চলে যেতে হয়েছে পৃথিবী থেকে।
প্রতিদিনের বাংলাদেশের অনুসন্ধানে জানা গেছে, অন্ধকার জগতের গুরু দিনের পর দিন তীক্ষ্ন পর্যবেক্ষণের পর শিষ্য বাছাই করে থাকেন। কুরআন শপথের প্রথম ধাপ। তারপর আরও কয়েকটি ধাপ পেরোতে হয় তাদের। আনুমানিক তিন থেকে ছয় মাসের এই প্রশিক্ষণ বা দীক্ষা চলে। এ সময় শিষ্যদের পরিবারের ভরণপোষণ থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী নির্দিষ্ট সময়ে পৌঁছে দেওয়া হয় নির্দিষ্ট ঠিকানায়। কে পাঠাল, কোত্থেকে এলোÑ সেসব জানতে পারে না পরিবারের সদস্যরা। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পরও বহন করা হয় এই পারিবারিক খরচ। সঙ্গে যুক্ত হয় আইনি ও বিচারকাজ পরিচালনার খরচ। অস্ত্র প্রশিক্ষণসহ সকল ধাপ অতিক্রম করার পর মাঠ পর্যায়ে পাঠানো হয় শিষ্যদের। ধারাবাহিকতা বজায় রেখে প্রশিক্ষিত শিষ্যরা নিজেদের অনুসারী তৈরির পথ সুগম করে হামলা, ভাঙচুর, হত্যা, গুলি ইত্যাদি আতঙ্কময় পরিস্থিতি সৃষ্টি করে।
নগরের বায়েজিদ বোস্তামীর চালিতাতলী এলাকার আবদুল গণি কন্ট্রাক্টরের ছেলে সাজ্জাদ আলী। ১৯৯৯ সালের ২ জুন পাঁচলাইশ ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর লিয়াকত হত্যায় সাজ্জাদ জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছিল। কিন্তু কেউ আদালতে সাক্ষ্য না দেওয়ায় এ হত্যা মামলা থেকে ছাড় পেয়ে যান তিনি। এই হত্যাকাণ্ডের পর অপরাধজগতে সাজ্জাদের নাম ছড়িয়ে পড়ে।
২০০০ সালের ১২ জুলাই মাইক্রোবাসে করে একটি দলীয় সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন বর্তমানে নিষিদ্ধ ছাত্রলীগের ছয় নেতা-কর্মী। পথে বহদ্দারহাটে ওই মাইক্রোবাস থামিয়ে ব্রাশফায়ার করে সন্ত্রাসীরা। ঘটনাস্থলেই সংগঠনটির ছয় নেতা-কর্মীসহ আটজন মারা যান। ‘এইট মার্ডার’ নামে পরিচিত আলোচিত ওই হত্যাকাণ্ডে সাজ্জাদ নেতৃত্ব দেন বলে অভিযোগ ওঠে। ২০০০ সালের ১ অক্টোবর একে-৪৭ রাইফেলসহ গ্রেপ্তার হয়েছিলেন বড় সাজ্জাদ। ২০০৪ সালে জামিনে বেরিয়ে তিনি বিদেশে পালিয়ে যান।
এই সাজ্জাদ বাহিনীতে ছোট সাজ্জাদ, রায়হান, ডেভিড ইমন, সারোয়ার বাবলা ও ঢাকাইয়া আকবরেরা ছিল একই সুতায় গাঁথা। শীর্ষ সন্ত্রাসী ডন বড় সাজ্জাদের আস্থা অর্জন করেছিল ছোট সাজ্জাদ। ২০১৫ সাল থেকে ছোট সাজ্জাদ দলের হাল ধরেন। ১০ বছর আগে দল থেকে বেরিয়ে গুরুর সঙ্গে পাঙ্গা নেয় সারোয়ার বাবলা ও ঢাকাইয়া আকবর। কর্মফল এই যে, নগরীর বাকলিয়া এক্সেস রোড এলাকায় ব্রাশফায়ারের পর কোনোমতে বেঁচে যায় সারোয়ার বাবলা ও ঢাকাইয়া আকবর। কিন্তু ঘোড়ার পরের চালেই আড়াই ঘরে জীবন প্রদীপ নিভে যায় তাদের দুজনের। বিএনপির মনোনীত প্রার্থী এমপি এরশাদ উল্লাহর গণসংযোগে প্রকাশ্যে সারোয়ার বাবলাকে গুলি চালিয়ে হত্যা করা হয়। এ ঘটনার কয়েক মাস পর হানি ট্র্যাপে ফেলে নগরীর সি-বিচে প্রকাশ্যে গুলি করে ওপারে পাঠানো হয় ঢাকাইয়া আকবরকে।
এর পর বালুমহালসহ অন্যান্য আয়ের উৎসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে যায় ছোট সাজ্জাদের হাতে। বায়েজিদ থানার সাবেক ওসি আরিফ হোসেনকে পেটানোর হুমকি দেওয়ার পর সিএমপির নজর কাড়ে ছোট সাজ্জাদ। ফেসবুক লাইভে একের পর এক হুমকির ভিডিও ভাইরাল হওয়ার পর তৎকালীন সাবেক সিএমপি কমিশনার হাসিব আজিজ ছোট সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার বিপরীতে অর্থ পুরস্কার ঘোষণা করেন। একদিকে নগরজুড়ে পুলিশের অভিযান, অন্যদিকে নিহত সারোয়ার ও আকবরের অনুসারীদের প্রতিশোধস্পৃহা সামলাতে হিমশিম খেতে থাকেন তিনি। একসময় সারোয়ার ও ঢাকাইয়া আকবরের অনুসারীদের দেওয়া মেসেজে ঢাকার বসুন্ধরা সিটিতে আটক হন ছোট সাজ্জাদ। তার স্ত্রী শারমিন সঙ্গে থাকলেও সক্ষম হয় পালিয়ে যেতে।
ছোট সাজ্জাদ গ্রেপ্তার হওয়ার পর অন্ধকার জগৎ নিয়ন্ত্রণের দায়িত্ব পান মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন। চাঁদার জন্য হুমকি দেওয়া কয়েকটি কল রেকর্ড ফাঁস হওয়ার মধ্য দিয়ে সকলের আতঙ্ক হয়ে ওঠেন তিনি। শুরুতে একান্ত অনুগত ডেভিড একসময় আয়-ব্যয়ের অমিলে গুরুর শ্যেনদৃষ্টিতে পড়েন। গুরু তার আশীর্বাদের হাত সরিয়ে নেন এবং কর্মফল হিসেবে তাকে যেতে হয় জেলে।
পুলিশ কর্মকর্তারা জানান, বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ আলীর হয়ে চট্টগ্রামে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনায় নেতৃত্ব দিয়ে আসা দুজনের একজন ইমন। অন্যজন মোহাম্মদ রায়হান। পুলিশের দাবি, বড় সাজ্জাদের বাহিনীতে অন্তত ৫০ জন শুটার ও সহযোগী সক্রিয় রয়েছেন। ব্যবসায়ী, প্রবাসী ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে নিয়মিত চাঁদা দাবির জন্য বেশি ফোন করতেন ইমন। বিদেশে থাকা বড় সাজ্জাদের প্রত্যেক শিষ্যদের নিজস্ব অনুসারী কিংবা গ্রুপ রয়েছে। অক্সিজেন থেকে বাকলিয়া পর্যন্ত ছড়িয়ে আছে তারা। এলাকাভিত্তিক চাঁদা, দখল, মাদক, গুলি ইত্যাদিতেও সক্রিয় তারা।
অনুসন্ধানে উঠে এসেছে, বিভিন্ন পর্যায়ে শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের টার্গেট, ইশারা এবং পরিকল্পনা বাস্তবায়ন করেছেন শিষ্য মোহাম্মদ রায়হান, সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ ও মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন। যাদের সবাইকে ‘বিশ্বাসভঙ্গের’ কর্মফল ভোগ করতে হচ্ছে। শিষ্যদের কেউই বুঝতে পারেননি যে, সব খবরাখবর পৌঁছে যাচ্ছে গুরুর কাছে।
সূত্রমতে, বড় সাজ্জাদের বাহিনীতে এমন অনেকেই আছেন, যারা নেতৃত্ব দিতে সক্ষম। তাদের কে কখন কোথায় নিয়োগ বা দায়িত্ব পাবেন, তা একান্তই বড় সাজ্জাদের সিদ্ধান্ত। এসব বিষয় কারও সঙ্গে শেয়ার করেন না তিনি। অনেকেই মাসিক ভালো বেতনে তার বাহিনীতে কাজ করছেন। কয়েকটি স্তরে সাজানো এই বাহিনী। সব কাজে সবাইকে ব্যবহার করা হয় না।
পুলিশের দাবি, শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের বিভিন্ন অপরাধ ও চাঁদাবাজিতে সহায়তার অভিযোগে সম্প্রতি তার বেশ কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী ও আত্মীয়কে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে। বড় সাজ্জাদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিস জারি রয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (গণসংযোগ) আমিনুর রশিদ প্রতিদিনের বাংলাদেশকে জানান, ‘কোনো অপরাধীই আইনের ঊর্ধ্বে নয়। শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ থেকে শুরু করে বড় সাজ্জাদের অনেক অনুসারী গ্রেপ্তার হয়েছে। ধাপে ধাপে বাকিরাও গ্রেপ্তার হবে, হয়তো একটু সময়ের ব্যাপার। প্রত্যেক ঘটনার বিষয়ে আমাদের নজরদারি রয়েছে।’
জেলা পুলিশ সুপার মাসুদ আলম জানান, শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের একান্ত সহযোগী মোবারক হোসেন প্রকাশ ডেভিড ইমনসহ তার অনুসারী পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। অল্পের জন্য আরেক শীর্ষ সন্ত্রাসী পুলিশের জাল কেটে সটকে পড়েছে। ডেভিড ইমনের রিমান্ড চলমান। বাকিদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।