ছাত্রদলের লোগো ও সংশোধীত নতুন বিজ্ঞপ্তি। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
ফেনীর ফুলগাজী উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত কমিটিতে তিন বছর আগে মারা যাওয়া এক ব্যক্তিকে সহ-সভাপতি করা হয়েছে।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে তড়িঘড়ি করে কমিটি সংশোধন করে জেলা ছাত্রদল।
ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোর্শেদ হোসেন মিলনের ১৭ আগস্ট স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ফুলগাজী উপজেলা ছাত্রদলের ৩২ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
এতে মো. ইউসুফকে সভাপতি এবং কাজী আবদুল আলীম বাবুকে সাধারণ সম্পাদক করা হয়।
কমিটি প্রকাশের পর দেখা যায়, ৫ নম্বর সহ-সভাপতি হিসেবে শামছুল হুদা মজুমদারের নাম রয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রের দাবি, তিনি ২০২৩ সালের ৬ নভেম্বর প্রায় ৭২ বছর বয়সে মারা যান। অথচ মৃত্যুর প্রায় তিন বছর পর ঘোষিত ছাত্রদলের উপজেলা কমিটিতে তাকে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়।
ভুল ধরা পড়ার পর বাবার জায়গায় ছেলে
মৃত ব্যক্তির নাম ছাত্রসংগঠনের কমিটিতে থাকায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরস ও সমালোচনা শুরু হয়।
পরে মঙ্গলবার সন্ধ্যায় কমিটি সংশোধন করে শামছুল হুদা মজুমদারের পরিবর্তে তার ছেলে ফরহাদ হোসেনের (ফরহাদ উদ্দিন) নাম বসানো হয়।
সংশোধিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে জাহিদ হোসেন জীবনকে।
সহ-সভাপতি পদে রয়েছেন মিনহাজ উদ্দিন মিঠু, নুরুল আমিন আশিক, আবদুল মমিন খন্দকার শান্ত, এনামুল হক হৃদয়, ফরহাদ উদ্দিন, জাকির হোসেন সুজন ও তারিকুল ইসলাম।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন সোহেল রানা, মো. সালমান, মনজুরুল আলম নাদিম ও নজরুল ইসলাম।
সহ-সাধারণ সম্পাদক করা হয়েছে ফয়েজ উল্লাহ বিপুল ও আবদুল জব্বার সিফাতকে। সাংগঠনিক সম্পাদক আশিকুর হোসাইন রাহী।
কমিটিতে প্রচার, দপ্তর, ক্রীড়া ও অন্যান্য সম্পাদকীয় পদেও নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
‘ভুলবশত’ মৃত ব্যক্তির নাম
এ বিষয়ে ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন বলেন, ভুলবশত সহ-সভাপতি ফরহাদ উদ্দিনের নামের জায়গায় তার বাবা মরহুম শামছুল হুদা মজুমদারের নাম চলে এসেছিল।
বিষয়টি নজরে আসার পরপরই ভুল সংশোধন করে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।