মসজিদের ভেতর জানাজার নামাজ চলাকালীন বাইরে শোকাহত দৃষ্টিতে দাঁড়িয়ে থাকেন সনাতন ধর্মাবলম্বী কয়েকজন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মসজিদের ভেতরে চলছিল মুসলিম ব্যক্তির জানাজার নামাজ। বাইরে শোকাহত দৃষ্টিতে দাঁড়িয়ে ছিলেন সনাতন ধর্মাবলম্বী কয়েকজন। ধর্মের ভিন্নতা ছাপিয়ে দীর্ঘদিনের সামাজিক ও পারিবারিক সম্পর্কের টানে তারা এসেছিলেন শেষ বিদায় জানাতে।
কিশোরগঞ্জের কটিয়াদীতে এমন উপস্থিতি সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত তৈরি করেছে।
কটিয়াদী পৌর এলাকার কলামহলা দরগাহ জামে মসজিদে মঙ্গলবার দুপুরে প্রবীণ ব্যবসায়ী ও সাবেক ইউপি সদস্য আব্দুর রহমানের (৯৫) জানাজায় এমন দৃশ্য দেখা যায়।
বার্ধক্যজনিত কারণে সোমবার রাতে নিজ বাড়িতে মারা যান তিনি।
আব্দুর রহমান দীর্ঘদিন স্থানীয় দরগাহ জামে মসজিদের কোষাধ্যক্ষ ছিলেন। সামাজিক ও ধর্মীয় বিভিন্ন কর্মকাণ্ডেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে জানাান জানাযায় অংশ নেওয়া অনেকেই।
হাজারো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে মসজিদের পাশের সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
ধর্মের ভিন্নতা ছাপিয়ে শেষ বিদায়
জানাজায় মুসলমানদের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী শিক্ষক ইন্দ্রজিত কুমার সাহা, সুজিত কুমার সাহা, মধুসূদন সাহা ও সাবেক পৌর কাউন্সিলর বিপ্লব কুমার সাহা বিপদ উপস্থিত ছিলেন।
তারা মসজিদের বাইরে দাঁড়িয়ে জানাজায় অংশ নেন এবং মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানান।
শিক্ষক ইন্দ্রজিত কুমার সাহা বলেন, “মরহুম আব্দুর রহমান সাহেব এলাকার প্রবীণ ব্যবসায়ী ছিলেন। আমার প্রয়াত পিতার সঙ্গে তার গভীর সম্পর্ক ছিল। তার মৃত্যুতে আমরাও গভীরভাবে শোকাহত। তাই শেষ বিদায়ে শ্রদ্ধা জানাতে এসেছি।”
সুজিত কুমার সাহা বলেন, “আব্দুর রহমান সাহেব অত্যন্ত বিনয়ী মানুষ ছিলেন। আমাদের পরিবারের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। তার শেষ বিদায়ের সময়ে উপস্থিত হতে পেরে আমরা নিজেদের দায়িত্ব মনে করেছি। তার আত্মার শান্তি কামনা করছি।”
সাবেক পৌর কাউন্সিলর বিপ্লব কুমার সাহা বলেন, “ধর্ম মানুষের সম্পর্ককে আলাদা করে না। মরহুম আব্দুর রহমান খুবই সাদা মনের মানুষ ছিলেন। তার মৃত্যুতে আমিও গভীরভাবে শোকাহত। এলাকার কেউ মারা গেলে আমি সবসময়ই শেষ বিদায়ে উপস্থিত থাকার চেষ্টা করি।”